১৫ ছাত্রীর স্বপ্ন পূরণের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকায় গতকাল ১৫ জন ছাত্রীকে বাইসাইকেল দেয় এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন l প্রথম আলো
ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকায় গতকাল ১৫ জন ছাত্রীকে বাইসাইকেল দেয় এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন l প্রথম আলো

সুইটি আক্তার অদম্য মেধাবী। সে ফরিদপুর এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়টি সদর উপজেলার গেরদা ইউনিয়নে। সুইটির বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে কাফুরা গ্রামে। বাড়ি থেকে প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করত সে। স্বপ্ন দেখত একটি বাইসাইকেলের। কিন্তু তার ভ্যানচালক বাবার কাছে এ কথা বলার সাহস করেনি সে। তবে স্বপ্ন তার পূরণ হলো গতকাল বুধবার। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি চকচকে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়।

শুধু সুইটিই নয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল বিদ্যালয়টির ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ১৫ ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। তারা সবাই হতদরিদ্র ঘরের মেয়ে, কিন্তু মেধাবী। অনেক দূর থেকে তারা বিদ্যালয়ে আসা-যাওয়া করে।

সুইটির মনের মধ্যে পুষে রাখা সেই স্বপ্ন পূরণ হলো। এতে সে খুশিতে ডগমগ। প্রথম আলোকে সে বলে, ‘কত দিন স্বপ্ন দেখতাম, আমার একটা বাইসাইকেল হবে। তাতে চড়ে আমি স্কুলে আসব। ক্রিং ক্রিং বেল বাজিয়ে বাড়ি ফিরব। এ কারণে তিন বছর আগে সাইকেল চালানো শিখেছি। কিন্তু আমার বাবা বহু কষ্ট করে সংসার চালান। তাই তাঁর কাছে আমার স্বপ্নের কথা বলার সাহস পাইনি। আজ সাইকেল উপহার পেয়েছি। অনেক খুশি হয়েছি। আমি কৃতজ্ঞ। আর কোনো দিন দেরি করে বিদ্যালয়ে আসব না। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব।’

 সপ্তম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান বলে, ‘আমার বাবা নেই। ভাইয়ের হাত ধরে এক বছর আগে সাইকেল চালানো শিখেছি। বাড়ি বিল মাহমুদপুর গ্রামে। বিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে। বিদ্যালয়ে আসা-যাওয়ায় খুব সমস্যা হচ্ছিল। সে সমস্যা মিটে গেল।’

এ ছাড়া সপ্তম শ্রেণির বৃষ্টি আক্তার, অষ্টম শ্রেণির সাইমা আক্তার, সোনিয়া আক্তার ও রুমি আক্তার এবং নবম শ্রেণির আলিফা আফরিন, সাদিয়া আক্তার, বিন্তী আক্তারী, সুমাইয়া আক্তারী ও সনজিদা ইসলাম এবং দশম শ্রেণির জুঁই আক্তারী, আজমিরী আক্তারী, লাবণী আক্তার ও আবিদা সুলতানাকে সাইকেল দেওয়া হয়েছে।

স্থানীয় গৃহবধূ রূপবান বেগম বলেন, ‘আমাদের এলাকার গরিব মেধাবী মেয়েদের সাইকেল উপহার দেওয়া হয়েছে। এ কথা শুনে আমার খুব ভালো লাগছে।’

গতকাল দুপুরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন। তিনি বলেন, ‘এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে আমার সামনেও চিন্তার জগতে একটি সোনালি দ্বার খুলে গেল। এটি একটি মহৎ উদ্যোগ। আমি উপজেলা পরিষদের ফান্ড থেকে সদর উপজেলার ১০টি বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেব।’

পাশাপাশি হুঁশিয়ার উচ্চারণ করে মোহতেসাম হোসেন বলেন, ‘আমি যদি শুনতে পাই সাইকেল চালিয়ে আসা-যাওয়ার পথে কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়েছে, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোকাররম আলী। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান।