১৫ জন কক্ষ পরিদর্শক ও ১ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ১৫ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের বহিষ্কার করা হয়।
গণিত পরীক্ষা চলাকালে গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ওই কক্ষ পরিদর্শকদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত কক্ষ পরিদর্শকেরা হলেন সঞ্জয় কুমার মিত্র, জগদীশ চন্দ্র মজুমদার, নন্দিতা মিস্ত্রি, শ্যামল অধিকারী, বজলুর রহমান, নীল কমল হালদার, তাসরুবা সুলতানা, আমীর হোসেন, মো. ইছাহাক, সঞ্জয় কান্তি, টুলু ইয়াসমিন, এইচ এম শাহ আলম, গোপাল চন্দ্র শীল, খাদিজা আক্তার ও মিজানুর রহমান।
পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসএসসির গণিত পরীক্ষা চলাকালে পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে নয়জন এবং পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে ছয়জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ওই ১৫ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই কক্ষ পরিদর্শকদের চলতি এসএসসি পরীক্ষায় আর কোনো দায়িত্ব দেওয়া হবে না। মূলত ওই কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষকেরা পরীক্ষার্থীদের দেখাদেখি করে লেখার সুযোগ করে দিয়েছেন। এ দেখাদেখি করে লেখার উচ্চ শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছিল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই দুটি এসএসসি পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব নজরুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে বহিষ্কৃত শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে বরিশালের উজিরপুর সদরের ডব্লিউবি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বন করায় হৃদয় (১৫) নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন শিক্ষককে ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।
ইউএনও ঝুমুর বালা বলেন, পরীক্ষা চলাকালে মুঠোফোনের মাধ্যমে উত্তরপত্র লেখায় পরীক্ষার্থী বহিষ্কার এবং কেন্দ্রে দায়িত্বরত ২০ জন শিক্ষক-শিক্ষিকার কাছে মুঠোফোন পাওয়ায় তাঁদের জরিমানা করা হয়েছে।