১৫ জন চিকিৎসককে কারণ দর্শানো নোটিশ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৫ জন চিকিৎসককে গতকাল সোমবার কারণ দর্শানো নোটিশ দিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জেলা সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস গত শনিবার সকাল সোয়া আটটায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মরত ১৬ জন চিকিৎসকের মধ্যে ১৫ জনই অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ওই হাসপাতালে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৮ জন কর্মচারীর মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন শনিবারের হাজিরা খাতায় সবাইকে অনুপস্থিত লিখে স্বাক্ষর করেন। এ সময় তিনি অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
‘কর্তব্যকাজে অবহেলা এবং সময়মতো স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির না হওয়ায় কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না’ এর জবাব চেয়ে এই কারণ দর্শানো নোটিশ (শোকজ) জারি করা হয়। গতকাল সিভিল সার্জনের কার্যালয় থেকে এ চিঠিগুলো দেওয়া হয়।
নোটিশ পাওয়া চিকিৎসকেরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তাপস বিশ্বাস, গিয়াস উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মো. মোরশেদ আলম, জাবির বিন রশিদ, মো. মারনুশ, মো. মনিরুজ্জামান, এনামুল ইসলাম, মাহাবুবুল হক, আবিদা সুলতানা, সৈয়দা নুসরাত আরা হক, নাজমুল ইসলাম, জুলেখা খাতুন, সাঈদ আহমেদ ও মো. মুসফিকুর রহমান। এ ছাড়া ওই দিন সময়মতো হাজির না থাকায় ১৫ জন কর্মচারীকেও নোটিশ পাঠানো হয়েছে।
সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, অনুপস্থিত সব চিকিৎসকে শোকজ করা হয়েছে। তাঁদের আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাবের ভিত্তিতে পরে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, তাঁরা এখনো নোটিশ পাননি। নোটিশ পাওয়ার পর তাঁরা জবাব দেবেন। এ সময় তিনি বলেন, সারা দেশের কোনো স্বাস্থ্যকেন্দ্রেই নির্দিষ্ট সময় মেনে কাজ হয় না।