১৫ জন চিকিৎসকের পদে আছেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ১০ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র দুজন। উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দিয়ে কোনো রকমে চলছে কাজ। অন্যদিকে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসকের পাঁচটি পদের সবগুলোই শূন্য রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু করে। এখানে ১০ জন চিকিৎসক পদের মধ্যে কাগজে-কলমে কর্মরত আছেন মাত্র চারজন। দুজন চিকিৎসা কর্মকর্তার একজন পাঁচ বছর ও আরেকজন দুই বছর ধরে অনুপস্থিত। শল্য, গাইনি, চক্ষু, শিশু, অর্থোপেডিকস, কার্ডিও, ইএনটি ও অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) বিভাগের কনিষ্ঠ পরামর্শকের পদগুলো শূন্য রয়েছে দীর্ঘদিন। বর্তমানে সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাইনুল ইসলাম কর্মরত আছেন। কিন্তু ছিদ্দিকুর রহমান দাপ্তরিক ও অন্যান্য কাজে বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ছিদ্দিকুর রহমান একটি সভায় যোগ দিতে গেছেন। চিকিৎসকের কক্ষের সামনে ৫০-৬০ জন রোগী বসে আছেন। একমাত্র চিকিৎসক মাইনুল ইসলাম রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। আর জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন দুজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা।
উপজেলার ঝোলাগাতি গ্রামের আমেনা বেগম বলেন, শরীরে ব্যথা ও জ্বরের জন্য তিনি চিকিৎসক দেখাতে এসেছিলেন। কিন্তু ভিড় থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করে উপসহকারী চিকিৎসা কর্মকর্তাকে দেখিয়েছেন।
হাসপাতালের টিকিট বিক্রয়কেন্দ্র থেকে জানা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গত জুলাই মাসে তিন হাজার ২৭১ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক সেবিকা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, চিকিৎসক-সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। পিরোজপুরের সিভিল সার্জন মো. ফখরুল আলম বলেন, তাঁরা প্রতি মাসের প্রতিবেদনে চিকিৎসক-সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন।