১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের নাম।
গত রোববার সন্ধ্যায় মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) কাছে ওই অভিযোগপত্র আদালতে উপস্থাপনের জন্য জমা দেওয়া হয়েছে। রেজাউল হত্যার দুই মাস ১০ দিন পর বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্তকারী মো. আতাউর রহমান ওই অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্ত আসামিরা হলেন মো. জাহিদুল ইসলাম সজীব, ইব্রাহিম খলিল, নুরুল ইসলাম, রাকিব সিকদার, মো. ফয়সাল, রাজীব সিকদার, জাহিদ জিতু, মো. মেহেদি হাসান হাওলাদার, মো. সিরাজুল ইসলাম রাজ, মো. ফিরোজ হোসেন, মো. বেলাল, মো. মুন্না হাওলাদার, মো. আরিফুর রহমান, মো. আবু সালেহ ও মো. রুহুল আমিন। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বেশ কয়েকজন আছে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনের অনুসারী।