১৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থী ওয়াসিউর নুর (আদেল) নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গত শনিবার রাতে আদেলের মামা নজরুল ইসলাম বাদী হয়ে বাকলিয়া থানায় এ মামলা করেন। মামলার এজাহারভুক্ত ১৫ আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে নগরের বাকলিয়া থানার রাজাখালী মাস্টার কলোনি এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয় আদেল। হামলায় তার বাবা বদিউল আলমও আহত হন। নগরের ওআর নিজাম রোডের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আদেল নগরের জামাল খান এলাকার আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার আর তিনটি পরীক্ষা বাকি ছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার মামলায় আলমগীর হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের মধ্যে মো. রুবেল ও মো. বাবুলকে শনিবার রাতেই বাকলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
কিছুদিন আগে রাজাখালী এলাকায় নিম্ন আয়ের লোকজনের জন্য কলোনি নির্মাণের কাজ শুরু করেন বদিউল আলম। শুক্রবার নির্মাণশ্রমিকদের সঙ্গে পাশের ভাড়াটে আলমগীরের ঝগড়া হয়। খবর পেয়ে সেখানে যায় আদেল ও তার বাবা। এ সময় ২০ থেকে ২৫ জন লোক বাবা ও ছেলের ওপর হামলা চালায়।