জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে আপিলকারীদের ৩০টি আবেদনের ওপর শুনানি করে ১৫ জনের আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সকালে ও বিকেলে ৩০টি করে মোট ৬০টি আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে বিকেলে অনুষ্ঠিত শুনানির বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনপত্র মঞ্জুর হয়েছে এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম (ময়মনসিংহ-৩), আমীরুল ইসলাম (নোয়াখালী-৬) প্রমুখ। কমিশন উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১) ও রাজী মোহাম্মদ ফকরুলের আবেদনও মঞ্জুর করেছে। উপজেলা চেয়ারম্যানের পদকে লাভজনক বিবেচনা করে রিটার্নিং কর্মকর্তারা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। জাতীয় পার্টির সাংসদ আবু তালহা (নাটোর-১) ও সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারীর (ফেনী-১ ও ৩) আবেদন বাতিল হয়েছে।
এবার মোট এক হাজার ১০৭ জন মনোনয়নপত্র জমা দেন। ২৬০ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে ১৩৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আবেদন করেন। আজ বুধবার দুই দফায় আরও ৬০ জনের আবেদনের ওপর শুনানি হবে।