১৫ জনের বিরুদ্ধে বিচারকাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার অভিযোগে করা এক মামলায় বিএনপি নেতা হাবিব-উন-নবী খানসহ ১৫ জনের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এই ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। আদালত আগামী ১৬ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা মীর সরফত আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ জানুয়ারি রমনা থানাধীন বাংলামোটর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রমনা থানায় এ মামলা করা হয়। ২০১৪ সালের ৩০ নভেম্বর রমনা থানার পুলিশ তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।