কক্সবাজারের মহেশখালী উপজেলায় জাফর আলম নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে গত শনিবার সকালে মহেশখালী থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী রাবিয়া বেগম বাদী হয়ে আবু হেনাসহ ১৫ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শী ও মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, কয়েক দিন আগে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ সিপাহিরপাড়ার গোলাম বারীর দুজন শ্রমিক পাহাড়ি এলাকায় পানের বরজের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ আবু হেনার লোকজন তাঁদের মারধর করেন। এ নিয়ে সালিসি বৈঠকের মাধ্যমে স্থানীয় লোকজন দুই পক্ষের বিরোধ আপস করে দিলেও প্রতিপক্ষ আবু হেনার লোকজন সেই সালিসি বিচার মেনে নেননি। ফলে এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ সিপাহিরপাড়া বাজারে আবু হেনা তাঁর লোকজন নিয়ে প্রতিপক্ষ গোলাম বারীর ভাতিজা জাফর আলমের ওপর হামলা চালান। একপর্যায়ে আবু হেনার লোকজনের গুলিতে ঘটনাস্থলে জাফর আলম নিহত হন।