১৫ জাতিগোষ্ঠীর ভাষায় কমলগঞ্জে ভাষা উৎসব উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রোববার দ্বিতীয়বারের মতো ভাষা উৎসব উদ্যাপিত হয়েছে। শমশেরনগর সাহিত্যাঙ্গন ওই উৎসবের আয়োজন করে।
সেখানে সাহিত্যে অবদানের জন্য সীতারাম বর্মা (মরণোত্তর), শিক্ষাক্ষেত্রে রামচিজ রাম (মরণোত্তর), ক্রীড়াক্ষেত্রে ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান (অব.) ও সংগীতে সেলিম চৌধুরীকে শমশেরনগর পদক এবং মুক্তিযুদ্ধ-বিষয়ক তথ্যপূর্ণ বই লেখার জন্য তাজুল মোহাম্মদকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়।
এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে দিনব্যাপী বইমেলায় ১৫টি স্টল বসে। উৎসবে সাংবাদিক মুজিবুর রহমানের সঞ্চালনায় বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, সংস্কৃত, মণিপুরি, খাসিয়া, ভোজপুরি, গারো, ত্রিপুরি, তেলেগু, রেলি, উড়িয়া, সাঁওতাল ও সাদনা ভাষার প্রতিনিধিরা অমর একুশের ওপর বক্তব্য দেন। দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান হয়। বেলা তিনটার দিকে শহীদ মিনার মঞ্চে আলোচনা সভা হয়। গত শনিবার বইমেলা ও ভাষা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম, লেখক ও কবি তাজুল মোহাম্মদ, অধ্যক্ষ রসময় মোহান্ত, অধ্যক্ষ হেলাল উদ্দীন, অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কবি মাহফুজুর রহমান, ভারত থেকে আগত সাংবাদিক মোহিত পাল, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, সাংবাদিক আবদুল হান্নান, লেখক ও কলামিস্ট মীর লিয়াকত, প্রাবন্ধিক ও গবেষক আহমদ সিরাজ প্রমুখ।