১৫ জুন উপজেলার নারী সদস্যপদে ভোট
সারা দেশের ৪৭৮টি উপজেলা পরিষদের নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে আগামী ১৫ জুন ভোটগ্রহণ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কাল বুধবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো প্রায় দেড় হাজার নারী সদস্য উপজেলা পরিষদে যোগ দেবেন এবং উপজেলা পরিষদ পূর্ণাঙ্গ রূপ পাবে। এর আগের উপজেলা পরিষদে নারী সদস্য পদে নির্বাচন না হওয়ায় পূর্ণাঙ্গ পরিষদ গঠন করা সম্ভব হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হতে পারে ২২ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হতে পারে ৩০ মে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যথাক্রমে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা পরিষদে নারী সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা।
আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিয়ন থাকলে পরিষদে নারীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।