খাগড়াছড়ির দীঘিনালার ৫১ নম্বর মৌজার যত্নমোহন কার্বারিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনকে কেন্দ্র গত মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি-আদিবাসী সংঘর্ষে ২৪ জন আহত হয়৷ এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দীঘিনালা ভূমি রক্ষা কমিটি ও জেএসএস (এমএন লারমা) পক্ষ পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ শেষে তারা ১৫ জুন দীঘিনালায় অর্ধদিবস সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে।
উপজেলা পরিষদের সামনে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য নতুন চন্দ্র কার্বারির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাবেক চেয়ারম্যান শাক্যমুনি চাকমা, শরণার্থী কল্যাণ সমিতির নেতা আনন্দ মোহন চাকমা, সুজয় চাকমা, ভূমি রক্ষা কমিটির সদস্য প্রজ্ঞান জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কিশোর চাকমা, ইউপিডিএফের সদস্য বুকুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের অর্থ সম্পাদক ভেইজি চাকমা প্রমুখ।
অপর দিকে উপজেলা লারমা স্কয়ারে জেলা জেএসএসের সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, কবাখালী ইউপির চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লোকপ্রিয় চাকমা, উপজেলা সভাপতি সমীর চাকমা ও জেলা পিসিপির সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা প্রমুখ।
বক্তারা ১৪ জুনের মধ্যে বিজিবির অধিনায়কসহ ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।