১৫ জুলাই থেকে দেশব্যাপী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জুলাই থেকে শুরু হচ্ছে মাসব্যাপী কৃতী শিক্ষার্থীদের পদক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হবে। প্রথম আলো ও মোবাইল ফোন অপারেটর রবি যৌথভাবে ৬৪ জেলায় এ অনুষ্ঠানের আয়োজন করছে। প্রথম আলো বন্ধুসভা এ আয়োজনে সহযোগিতা করবে।গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলোর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রথম আলো ও রবির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান এবং রবির পক্ষে প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু চুক্তিতে স্বাক্ষর করেন। প্রথম আলো এ নিয়ে টানা তৃতীয়বার এই প্রতিষ্ঠানটিকে সঙ্গে নিয়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করছে। ‘রবি’ আগে ‘একটেল’ নামে সেবা দিয়ে আসছিল। অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, ‘ভালো একটি কাজের জন্য প্রথম আলো রবিকে সঙ্গে পেয়ে আনন্দিত। টানা তিন বছর প্রথম আলো-রবি একসঙ্গে কাজ করছে। আশা করছি, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা জানানোর অনুষ্ঠানগুলো আরও সফল হবে।’বিদ্যুৎ কুমার বসু বলেন, এ ধরনের অনুষ্ঠান দেশের প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করে। এবার রবির পক্ষ থেকে জেলায় জেলায় শিক্ষার্থীদের সাফল্যের জন্য ভালো পুরস্কার থাকবে, যাতে তারা পরবর্তী শিক্ষাস্তরে আরও ভালো ফল করার প্রেরণা পায়। তিনি জানান, শিগগির বিশেষ ও আকর্ষণীয় সব সেবা নিয়ে শিক্ষার্থীদের জন্য রবি নতুন সংযোগ প্যাকেজ ছাড়বে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।