১৫ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ১৫ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা এ আদেশ দেন। গত রোববার রাজধানীর গুলশান থানায় দুদকের উপপরিচালক নূর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ এপ্রিল দুদক মাহমুদুর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু মাহমুদুর রহমান দুদকের নোটিশ পাওয়ার পরও তাঁর সম্পদের হিসাব বিবরণী জমা দেননি। সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য সময় বাড়ানোর কোনো আবেদন করেননি তিনি। এ কারণে দুদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর নির্যাতন বন্ধ না হলে ও মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলে রাখা হলে সরকারের বিরুদ্ধে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে। একজন সম্পাদককে এভাবে নির্যাতন কলঙ্কজনক ও বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা বলে তিনি উল্লেখ করেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধান, সংবিধানের স্বাধীনতা ও মানবাধিকারকে পদাঘাত করে তাঁর ওপর নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে তিনি বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় এ নির্যাতনের জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মওদুদ আহমদ বলেন, যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশনা ভঙ্গ করছেন, তাঁদের ‘আনপানিশড’ যেতে দেওয়া হবে না। এ সময় রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, নাসির উদ্দিন অসীম, কামরুল ইসলাম, কাজী জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।