১৫ জেলায় সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের কর্মীদের এলোপাতাড়ি লাথি, রড ও লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও নিস্তার মেলেনি এই পুলিশ সদস্যের। একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেও তাঁকে আঘাত করতে থাকেন কর্মীরা। গতকাল সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে । ছবি: আনিস মাহমুদ
শিবিরের কর্মীদের এলোপাতাড়ি লাথি, রড ও লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও নিস্তার মেলেনি এই পুলিশ সদস্যের। একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেও তাঁকে আঘাত করতে থাকেন কর্মীরা। গতকাল সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে । ছবি: আনিস মাহমুদ

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফা অবরোধের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পাঁচজন। লাকসামে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং ফেনীতে গত বুধবার রাতে অবরোধকারীদের হামলায় আহত কাভার্ড ভ্যানের চালক মাহবুব আলম (৩০) গতকাল ভোরে মারা যান। এ নিয়ে তিন দফার হরতাল-অবরোধে প্রাণ হারালেন ৭৩ জন।

বগুড়া শহরের চক লোকমান এলাকায় গতকাল সন্ধ্যায় সাংসদ আবদুল মান্নানের বাসায় আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা । ছবি: প্রথম আলো
বগুড়া শহরের চক লোকমান এলাকায় গতকাল সন্ধ্যায় সাংসদ আবদুল মান্নানের বাসায় আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা । ছবি: প্রথম আলো

এদিকে গতকাল দুপুরে অবরোধ চলাকালে কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর জামায়াত-শিবির অন্তত ১৫টি জেলায় তাণ্ডব চালিয়েছে। এর মধ্যে বগুড়ায় মহাসড়কে গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করা হয়। রাজশাহীতে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে শিবির। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। চট্টগ্রামের আন্দরকিল্লা ও সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা হয়েছে। কুমিল্লার লাকসামে ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করেছে শিবির।

সাতক্ষীরায় বরাবরের মতোই সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবির। মেহেরপুরে অপটিকাল ফাইবার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ায় তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারা হয়।

রাজশাহী শহরে দেবিসিনপাড়া এলাকায় গতকাল পেট্রলবোমা হাতে শিবিরের কর্মীরা । ছবি: প্রথম আলো
রাজশাহী শহরে দেবিসিনপাড়া এলাকায় গতকাল পেট্রলবোমা হাতে শিবিরের কর্মীরা । ছবি: প্রথম আলো

রাজশাহী: দুপুরে রাজশাহী শহরের সোনাদীঘির মোড়ে মনিচত্বর এলাকায় ছাত্রশিবির রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করে। এ সময় রাজশাহী কলেজের দিক থেকে একটি পুলিশের গাড়ি এলে শিবির ধাওয়া করে। পুলিশ পিছিয়ে রাজশাহী কলেজের মহিলা হোস্টেলের কাছে গাড়িটি রেখে চলে যায়। এ সময় গাড়িটি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে শিবির। শহরের বিনোদপুর এলাকায় রাজশাহী-নাটোর সড়কে, দেবীসিংপাড়া ও নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়।
মহাসড়কে গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে কাল সারা দেশের সঙ্গে বগুড়াকে বিচ্ছিন্ন করে ফেলে জামায়াত-শিবির। সড়ক-মহাসড়কে লাঠিসোঁটা, তির-ধনুক, পেট্রলবোমা, হাতবোমা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নেয় তারা। জামায়াত-শিবিরের মিছিল থেকে কাহালু প্রেসক্লাবে হামলা চালানো হয়। পিটিয়ে আহত করা হয়েছে দুই সাংবাদিককে। শেরপুরে মির্জাপুর আমবাগান থেকে ছোনকা বাজার এবং মহিপুর থেকে গাড়িদহ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সড়কের উভয় পাশে দেড় শতাধিক গাছ করাত দিয়ে কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা।
চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রামে বুধবার রাত সোয়া একটার দিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের বাড়িতে ককটেল হামলা চালায় জামায়াত-শিবির। পরে তারা বাড়ির জানালায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সড়কে গাছ, গাছের গুঁড়ি ও ইটপাথর ফেলে তিন দিন ধরে নাটোরকে বিচ্ছিন্ন করে রেখেছে জামায়াত-শিবির। নিরাপত্তাকর্মীরা বারবার চেষ্টা করেও এগুলো সরাতে পারেননি।

সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপি এলাকায় প্রায় ৫০০ ফুট এলাকাজুড়ে অবরোধ করে জামায়াত-শিবির।

খুলনা: সাতক্ষীরা-আশাশুনি সড়কের ও সাতক্ষীরা-খুলনা সড়কে কাল সকালে পুলিশ অবরোধ অপসারণ করতে গেলে জামায়াত-শিবির ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ ৫২টি শটগানের গুলি ছোড়ে।

মেহেরপুরে অবরোধ চলাকালে টেলিযোগাযোগের প্রধান সংযোগ অপটিক্যাল ফাইবার কেব্ল কেটে দেয় দুর্বৃত্তরা। ফলে মেহেরপুরের সঙ্গে সারা দেশের টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চট্টগ্রাম শহরের নবাব সিরাজ-উদ দৌলা সড়কে গতকাল পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।  এ সময় টিঅ্যান্ডটির কেবল বক্সে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম শহরের নবাব সিরাজ-উদ দৌলা সড়কে গতকাল পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় টিঅ্যান্ডটির কেবল বক্সে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। ছবি: প্রথম আলো


চট্টগ্রাম:
রায় খারিজ হওয়ার পর চট্টগ্রামের আন্দরকিল্লায় কাল শিবির কর্মীরা তিনটি গাড়িতে আগুন দিয়ে নির্বিচারে গাড়ি ভাঙচুর করেন। সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ডের জলিল গেট এলাকায় একটি কনটেইনারবাহী লরি ও একটি ট্রাকে দেওয়া হয়।
সকাল সাতটা ও দুপুর ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া, বাংলাবাজার, লিংক রোড ও টেকনাফ-কক্সবাজার সড়কের রহিমেরটেক এলাকায় ১৮টি অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করা হয়।
নোয়াখালী শহরের রশিদ কলোনি এলাকায় জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সামছুদ্দীন জেহানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একই সময় সেনবাগ বাজারের সুলতান প্লাজার সামনে ছাত্রলীগের কলেজ শাখার সহসম্পাদক কামরুল হাসান ওরফে টুটুলকে কুপিয়ে আহত করা হয়। ভাঙচুর হয় চাটখিল ও কোম্পানীগঞ্জেও।
কাদের মোল্লার আবেদন খারিজ হওয়ার পর দুপুরে কুমিল্লার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে শিবির। এরপর পূবালী ও যমুনা ব্যাংকের এটিএম বুথ এবং ব্যাংক সড়ক ও নোয়াখালী সড়কে ১০টি দোকান, তিনটি মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাকসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের জলিল গেট এলাকায় একটি পণ্যবাহী লরি ও ট্রাকে গতকাল বেলা তিনটার দিকে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা । ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের জলিল গেট এলাকায় একটি পণ্যবাহী লরি ও ট্রাকে গতকাল বেলা তিনটার দিকে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা । ছবি: প্রথম আলো

বেলা সোয়া তিনটার দিকে নাথেরপেটুয়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে আনোয়ার হোসেন (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়। সে লাকসামের পেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি গ্রামের আবু তাহেরের ছেলে।
ফেনীতে পিকেটারদের ছোড়া ঢিলের আঘাতে আহত কাভার্ড ভ্যান চালক মাহবুব আলম গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় বুধবার রাত সাড়ে ১১টায় পিকেটাররা ঢিল ছুড়লে তিনি গুরুতর আঘাত পান।

রংপুর: এই বিভাগের দিনাজপুরে চিরিরবন্দর-পাকেরহাট এলাকায় মহাসড়ক ও সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযোগ পাওয়া যায়, মঙ্গলবার থেকে অবরুদ্ধ এ এলাকার হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

সিলেট: গতকাল সকাল সোয়া সাতটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় একটি লেগুনায় করে কয়েকজন পুলিশ সদস্য গেলে জামায়াত-শিবির ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ লাঠিপেটা শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ এক শিবির কর্মীকে আটক করে লেগুনায় তুলতে গেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশকে ধাওয়া করেন। এ সময় পুলিশের এএসআই কালাম হাসপাতালের ক্যানটিনে গিয়ে আশ্রয় নিলে সেখানে থাকা জামায়াত-শিবিরের একটি দল তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন।

দুপুরে সিলেটের রায়নগর এলাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাবেক এপিএস ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ স ম রাশেদের বাসার সামনে তাঁদের বিপণিবিতানে বেসিক ব্যাংকের শাখায় পেট্রলবোমা দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে জামায়াত-শিবির। এ সময় রাশেদ তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়ে হামলাকারীদের প্রতিরোধ করেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় তিনটি দোকান ভাঙচুর করা হয়।

ঢাকা: রাজধানীর মিরপুরে বেলা পৌনে দুইটায় একটি বাস ভাঙচুর করে শিবির। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে। শিবিরের লাঠির আঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুস সাত্তার আহত হন। দয়াগঞ্জে সকাল ১০টার দিকে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ফরিদপুর শহরের নিলটুলী মহল্লার মুজিব সড়কে দুপুরে দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহী, সিলেট, সাতক্ষীরা, কক্সবাজার, সিরাজগঞ্জ, ফরিদপুর, বগুড়া, নোয়াখালী, দিনাজপুর, নাটোর, লক্ষ্মীপুর ও মৌলভীবাজার প্রতিনিধি)