আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের হাজার খানেক বাড়ি-দোকানে হামলা, আগুন
১৫ জেলায় জামায়াতের গণনিষ্ঠুরতা

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দেশের অন্তত ১৫ জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হাজার খানেক বাড়িঘর এবং দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির। হামলা হয়েছে সংখ্যালঘুদের কয়েক শ বাড়িঘরেও।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ গণনিষ্ঠুরতা চলে। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, দিনাজপুরে সবচেয়ে বেশি তাণ্ডব চলে। নোয়াখালীর সেনবাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের কাবিলপুর গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল ও মৌলভীবাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিন থেকে চার শ জামায়াত-শিবির কর্মী সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানের (৪৫) বাড়িতে হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন। পরে তাঁর বাড়ির জিনিসপত্র লুটপাট করা হয়। রাত তিনটার দিকে একই উপজেলার সরশকাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী মেহেদি হাসান ওরফে জজ আলীর (৩৫) বাড়িতে হামলা চালিয়ে তাঁকে জবাই করে হত্যা করা হয়।
বৃহস্পতিবার রাতে ও গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মাজেদ, সাধারণ সম্পাদক অমল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোসলেমউদ্দিনের বাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়। ওই গ্রামের বাজারে সুভাষ অধিকারী, ইসরাফিল হোসেনের দোকান ও ছাত্রলীগের অফিস ভাঙচুর ও লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়।
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে স্থানীয় আওয়ামী লীগ অফিস ও কুল্যার মোড়ে শ্রমিক লীগের অফিস ও রাসেল স্মৃতি সংসদ ভাঙচুর করেছে জামায়াত-শিবির। বুধহাটা বাজারে আওয়ামী লীগের সভাপতি এ টি এম আক্তারুজ্জামানের দোকান, নারায়ণ দাসের ফার্নিচারের দোকান, গোবিন্দ দাসের কম্পিউটারের দোকান, চন্দন দেবনাথ ও তরুণ ঘোষের দুটি কাপড়ের দোকানের মালামাল লুট করে অগ্নিসংযোগ করা হয়।
সাতক্ষীরা সদরের কাথন্ডা ও ব্যাংদাহ বাজারে ১৫-২০টি বাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়েছে। ফিংড়ি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আগরদাঁড়ি গ্রামের গোপাল ঘোষাল, তাপস আচার্য, আনোয়ার ঢালী, গোলাম মোস্তফা, নবকুমার মণ্ডল, মিলন বিশ্বাস, কার্তিক সাধু, দুলাল সাধু, বেসরকারি সংস্থায় কর্মরত সমীর সরকার, মদন সাধু, নির্মল সাধুর ও গণেশ কর্মকার এবং জেলা ওলামা লীগের সাবেক সহসভাপতি ও সাংবাদিক শাখাওয়াত হোসেনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নায়ারজোল এলাকায় অমল সমাদ্দারের বাড়ি, শ্যামল ঘোষালের মিলঘরে এবং গাজীরহাটে লাবলু বিশ্বাসের মাছের খাদ্যের দোকান, দেবীশহরের সুভাষ ঘোষ ও শরৎ ঘোষের বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে আওয়ামী লীগের নেতা মীর শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম চৌধুরী, নবী নেওয়াজ খান, আকমল হোসেন ও শিক্ষক গোলাম মওলার বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির। আগুন দেওয়া হয় ফয়সাল কাদের রুমির চামড়ার গুদাম, মোহাম্মদ আলীর খামারবাড়ি ও সমর কুণ্ডুর পাটের গুদামে। গতকাল ভোরে উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার বিভিন্ন বাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। সদর উপজেলার চণ্ডীদাসগাতী গ্রামে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকরী বাজারে বৃহস্পতিবার রাত ১১টা থেকে দুইটা পর্যন্ত তাণ্ডব চালানো হয়। আওয়ামী লীগের নেতা তোহুর মিয়া, আজাহার হাজি, আরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, দুরুল হক, জাবেদ হাজি, আবেদ আলী, নজরুল ইসলাম, কলেজশিক্ষক আশরাফুল ইসলামসহ ১৩ জনের বাড়িতে লুটপাট-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। টিকরী বাজারে ২৫টি দোকানেও হামলা হয়। শিবগঞ্জ পৌর এলাকার তর্তিপুর ও শেখ টোলার আওয়ামী লীগের নেতা ইমানী আলী, রুহুল আমীন ও সেরাফত আলীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর ও আগুন দেয় সন্ত্রাসীরা।
নীলফামারী জেলা সদরের লক্ষ্মীছাপ ইউনিয়নের কাছারিবাজারে বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হলে প্রায় ৫০টি দোকান পুড়ে যায়। এরপর একই ইউনিয়নের বেলতলী বাজারে ১৫টি দোকান ভাঙচুর করা হয়। এই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামচরণ রায়ের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। রাত তিনটার দিকে পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী গ্রামের স্কুলশিক্ষক বিধান চন্দ্র রায়ের বাড়িতে অগ্নিসংযোগ এবং এর আগে কাছারিবাজার আক্রমণ করে দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয়। এ ছাড়া জেলা সদরের কচুকাটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও সহসভাপতি তছলিম উদ্দীনের বাড়িতে হামলা চালানো হয়। জামায়াত-শিবির এসব ঘটনা ঘটায় বলে স্থানীয়ভাবে জানা যায়।

লক্ষ্মীপুরে হামলার শিকার হয় রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাকী বিল্লাহর মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুবলীগের নেতা শামছুল আলম বাবুলের মালিকানাধীন সেবা হাসপাতাল।
বৃহস্পতিবার রাত একটায় লালমনিরহাটের বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুছা আলীর বুড়িমারী স্থলবন্দর বাজারের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিমের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগানো হয়। যুগ্ম সম্পাদক সফিকুল ইসলামের চারটি দোকানের মালামাল লুট, ভাঙচুরের পর অগ্নিসংযোগসহ বুড়িমারী স্থলবন্দর বাজারের আরও চারটি দোকানপাট ভাঙচুর করা হয়।
রাজশাহীর কাজলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে মোটরসাইকেলসহ অন্যান্য আসবাব পুড়ে যায়। রাত দেড়টার দিকে নগরের বুধপাড়া এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাব্বেল হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
একই রাতে দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালার বাড়ি ঘেরাও করে গুদামঘর, রান্নাঘর, উঠানে থাকা পাঁচটি বাস, একটি পাজেরো, একটি পিকআপ এবং দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর ভুসিরবন্দর বাজারে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের ধারে ভবানী বাবুর সার ও কীটনাশকের গুদামসহ দোতলা অফিস ভাঙচুর এবং লুুটপাট শেষে জ্বালিয়ে দেওয়া হয়। এরপর হামলাকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান সুনীল সাহার বাড়িতে হামলা চালায়। জামায়াত-শিবির স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক শাহর বাড়ি, সরকারি চাকুরে সাইদুর রহমানের বাড়ি, বেসরকারি সংস্থা বহুব্রীহির কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে।
একই রাতে দিনাজপুরের রানীরবন্দর বাজারে নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদের টিনের দোকান, সাধারণ সম্পাদক সুলতান আলমের দুটি দোকান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হান্নান সাদাতের অফিস ভাঙচুর ও লুটপাট করা হয়।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়াহাটে জাকারিয়ার ওষুধের দোকানে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ রাস্তায় ফেলে এবং আসবাবসহ আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির। হামলাকারীরা আবদুল মজিদের তেলের দোকানে সাতটি তেলের ড্রাম কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করে। উপজেলার ডুগডুগিরহাটে পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আলীর ওষুধের দোকানসহ বাজারের বেশ কয়েকটি দোকান ও ছয়টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের টাইমবাজার ও পালপাড়ায় হিন্দুদের ১২টি দোকানপাট ও পাঁচটি বসতিতে হামলা চালানো হয়। হামলার শিকার হয় বাঁশখালীর কালীপুর সদর আমিনহাট ও সাব-রেজিস্ট্রার অফিসের পাশে, বৈলছড়ি বাজার, বাহারছড়া বশিরুল্লাহ মিয়াজি বাজার, নাপোড়া বাজার এলাকায় ৪৪টি দোকান। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরের দুটি দোকান, কালীপুরের ইউপি সদস্য শাইরাজ আলমের তেলের দোকান এবং বাহারছড়ার বশিরুল্লাহ মিয়াজি বাজারে ১২টি দোকান পুড়িয়ে দেওয়া হয়।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বড়তাজপুর গ্রামে শহিদুল ইসলাম ও তাঁর বড় ভাই রেজাউল ইসলামের বাড়িতে, সদর উপজেলার হিচমী বাজারের ব্যবসায়ী আমান উল্লার হ্যাচারিতে, পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা গ্রামে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা ও ইসলামপুর গ্রামের গোলাজ হোসেন, জাকির হোসেন, আমিরুল ইসলাম, সেলিম হোসেন, রজব আলী, রবিউল ইসলামসহ ছয়-সাতজন আওয়ামী লীগের কর্মী-সমর্থকের বাড়িঘরে আগুন দেয় জামায়াত-শিবির।
কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয় ও দোকানপাট ভাঙচুর করা হয়।
নড়াইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সুবাস বোসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মৌলভীবাজার পৌরসভার ডাকঘর এলাকায় রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতের বাসায় ককটেল হামলা হয়েছে। বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিনের কাঁঠালতলীর বাড়িতেও হামলা হয়েছে।
নোয়াখালীর সেনবাগে অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের কাবিলপুর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। হামলা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসমত উল্লা চৌধুরী, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল হকের বাড়ি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেনের বাড়িতে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।)