ঢাকাসহ দেশের ১৫টি জেলায় নির্বাচন-পরবর্তী ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। এসব জেলায় বাড়িঘরের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। নাশকতা চালানো হয় প্রতিপক্ষের ফলের বাগানে। ভোটকেন্দ্রে না যাওয়ায় পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে ভোটারের। ঢাকা ও নোয়াখালী জেলায় সহিংসতায় প্রাণহানি ঘটেছে চারজনের।
ঢাকা-১ আসনে লাঙ্গল প্রতীকে বিজয়ী প্রার্থী সালমা ইসলামের তিন সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন নৌকা প্রতীকে পরাজিত প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকেরা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিহত হয়েছেন প্রতিবন্ধী যুবক। উপজেলার নদনা ইউনিয়নের গজারিয়া বাজারে রোববার রাতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. মাহফুজ (২৩) নামের ওই যুবক নিহত হন।
সংঘর্ষে প্রতিবন্ধী যুবক নিহত: দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ের সংবাদে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের জগজ্জীবনপুর গ্রাম থেকে রোববার রাত আটটার দিকে একটি মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি গজারিয়া বাজারের দিকে যাওয়ার পথে পিন্টুর চায়ের দোকানের সামনে থেকে যুবলীগের কয়েকজন কর্মী জোর করে প্রতিবন্ধী মাহফুজকে মিছিলে নিয়ে যান। এ সময় মিছিলকারীরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং বাড়িঘরের সীমানাপ্রাচীর ও বেড়া ভাঙচুর করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আশপাশের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিলকারীদের ওপর হামলা চালান। বেধে যায় সংঘর্ষ। এতে মাহফুজসহ পাঁচজন আহত হন। রাত দুইটার দিকে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম বাবুল দাবি করেন, মাহফুজ যুবলীগের সক্রিয় কর্মী। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের দাবি, মাহফুজের পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সে হিসেবে তিনিও বিএনপির কর্মী।
তবে মাহফুজের বাবা জয়নাল আবদিন জানান, তিনি নিজে বিএনপি করলেও তাঁর ছেলে কোনো রাজনীতি করতেন না। মাহফুজ বাক্-প্রতিবন্ধী ও চোখেও কম দেখত।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুপিয়ে জখম: কক্সবাজারের পেকুয়া উপজেলার পশ্চিম গোঁয়াখালী এলাকায় গতকাল ভোররাতে ঘরে ঢুকে উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাছির উদ্দিনকে (৫০) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর পরিবারের দাবি, দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে এক লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছে। পুলিশ জানায়, এ ঘটনায় মো. নূর নামের এক যুবককে আটক করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে (২২) রোববার সন্ধ্যায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মনির হোসেন দাবি করেন, যুবদল ও ছাত্রদলের কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করেন।
বিএনপি-সমর্থকদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডব: জামালপুর-৪ আসনে জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী মামুনুর রশিদের পক্ষে নির্বাচনে কাজ না করায় এবং ভোট না দেওয়ায় সরিষাবাড়ী উপজেলার বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এর নেতৃত্বে ছিলেন উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামস উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনের নেতৃত্বে দুপুরে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ফকিরের একুশের মোড় এলাকায় ইটভাটায় হামলা চালায় সন্ত্রাসীরা। তারা ইটভাটার কাঁচা ইট ভেঙে ফেলে। পরে বিএনপি-সমর্থক হাজি বাদশা মিয়ার নূরজাহান ফিলিং স্টেশন (পেট্রলপাম্প) তালা লাগিয়ে বন্ধ করে দেয়। এরপর পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়িতে আগুন দিয়ে যাওয়ার পথে আবদুল মজিদের কলার বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলে সন্ত্রাসীরা। এ সময় বিএনপির সমর্থক আবদুস সালামের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরে বয়ড়া বাজারের পূর্ব পাশে বিএনপির সমর্থক মজনু, আলহাজের দোকান ও বয়ড়া রেলস্টেশন এলাকার সুলতান ও ফালু ফকিরের দোকান ভাঙচুর করা হয়। এ সময় চারটি নছিমন, একটি মোটরসাইকেল ও দুটি অটোবাইকও ভাঙচুর করে সন্ত্রাসীর দল।
ক্ষতিগ্রস্ত দোকানদার মজনু বলেন, ‘আমার দোকানে বিএনপির লোকজন বসে চা খান, তাই আমার দোকান ভাঙচুর করা হয়েছে।’
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ জানান, জাতীয় পার্টির প্রার্থীকে ভোট না দেওয়ায় তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নাশকতা চালানো হয় তাঁর কলার বাগানে।
এসব ব্যাপারে জানতে চাইলে জামালপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী জাতীয় পার্টির মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, ‘শুনেছি, একটু ঘটনা ঘটেছে।’
দোকানপাটে আগুন, ভাঙচুর: যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাজারে রোববার সন্ধ্যায় জামায়াত-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আহাদ ওরফে আল বাহারের পাটের গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় তাঁর মোটরসাইকেল। এ ছাড়া তিনটি দোকানে আগুন দেওয়া হয়। ভোররাতের দিকে পুড়িয়ে দেওয়া হয় আরও একটি ওষুধের দোকান ও স্থানীয় পোস্ট অফিস। এ ছাড়া ছয়টি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকায় রোববার রাত আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালান। তাঁরা সুখেন্দু দাশের মিষ্টির দোকানে ভাঙচুর করে লুটপাট চালান। এ ছাড়া একটি ওষুধের দোকানও ভাঙচুর করা হয়। একপর্যায়ে স্থানীয় মন্দিরে ভাঙচুরের চেষ্টা চালালে জনতার প্রতিরোধের মুখে তাঁরা পালিয়ে যান।
হামলা, সংঘর্ষ: বরগুনার আমতলী শহরের বটতলায় দুপুরে বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থক খোকন মৃধার ব্যবসায়িক কার্যালয়ে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর সমর্থকেরা হামলা চালান। এ সময় খোকন মৃধাসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়। পরে খোকন মৃধার সমর্থকেরা পাল্টা হামলা চালান। এতে দুজন আহত হন।
জেলার তালতলী উপজেলার ফকিরহাট বাজারেও দেলোয়ার হোসেনের সমর্থকদের ওপর সকালে হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এ সময় অন্তত ১৪ জনকে পিটিয়ে-কুপিয়ে জখম করা হয়। বাজারের পাঁচ-ছয়টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এর আগে রোববার রাতে বরগুনা শহরের রাসেল স্কয়ারে দেলোয়ার হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে গুরুতর আটজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ শহরের কালিকাপুর তিন রাস্তার মোড় থেকে দুপুরে ঝিনাইদহ-২ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর ১০-১২ জন সমর্থক যাচ্ছিলেন। এ সময় পরাজিত আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
যশোরের মনিরামপুর পৌর শহরের বিজয়রামপুর গ্রামে রোববার রাতে আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থককে বেদম মারপিট করা হয়েছে। এঁদের মধ্যে ফরিদের পা ও খোরশেদ আলমের হাত ভেঙে দেওয়া হয়। আর কুপিয়ে জখম করা হয় হারুন-অর-রশিদকে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাইয়া খাইড় নতুনবাজারে দুপুরে যুবদলের হামলায় আহত হন আওয়ামী লীগ ও যুবলীগের তিন কর্মী।
আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে হামলা: মেহেরপুরের গাংনীতে নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেনের সমর্থকেরা দুপুরে একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি গাংনী শহর অতিক্রম করে শহরের রেজাউল চত্বরে সমাবেশ করে। সেখানে মকবুল হোসেন বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর উচ্ছৃঙ্খল কিছু কর্মী আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবদুল খালেকের বাড়ি ও কার্যালয়ে হামলা চালান। তাঁরা বাড়ির আসবাব তছনছ, লুটপাটসহ আটটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া বিজয়ী প্রার্থী মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম ও গাংনী পৌর মেয়র আহমঞ্চদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ধরে নিয়ে যান বিজিবি সদস্যরা।
‘ভোট দিতে যাইনি, এটাই অপরাধ’: নাটোরের সিংড়া উপজেলার নূরপুর বাজারে রোববার সন্ধ্যায় চাঁন আলী (৩২) নামের এক ব্যক্তিকে মারধর করে হাত-পা ভেঙে দেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। চান আলী একজন সেলুন ব্যবসায়ী। গুরুতর অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চান আলী বলেন, ‘আমি ওয়ার্কার্স পার্টির প্রার্থী মিজান ভাইকে ভোট দিয়েছি। এই অপরাধে তারা আমাকে মেরেছে। আমি হাত-পা ধরেও রেহাই পাইনি।’
প্রায় একই সময় বিলদহর বাজারে হীরা আলীকে (২৭) বেলচা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন হীরা আলী বলেন, ‘আমি ভোট দিতে যাইনি। এটাই আমার অপরাধ। একই উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে রোববার সন্ধ্যায় লুটপাট চালান আওয়ামী লীগের সমর্থকেরা।
বিজয় মিছিল লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সাংসদ মুস্তফা লুৎফুল্লার বিজয় মিছিল লক্ষ্য করে গুলি ও ককটেল হামলা চালিয়েছে জামায়াত-শিবির। গতকাল বেলা সোয়া একটার দিকে জেলার কলারোয়া উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
দলীয় কার্যালয়ে আগুন: জয়পুরহাট শহরের রেলগেট-সংলগ্ন ২ নম্বর রেলস্টেশন সড়কে জেলা বিএনপির কার্যালয় রোববার গভীর রাতে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের সব আসবাব পুড়ে যায়। এ ঘটনায় ১৮-দলীয় জোট আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছে। পিরোজপুর শহরতলি ব্রাহ্মণকাঠি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয় রোববার রাতে।
বাড়িতে আগুন: দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুর ইউনিয়নের তাজনগর ভাটিয়াপাড়ায় রোববার বিকেলে ১৮ দল-সমর্থকদের দুটি বাড়িতে আগুন দেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। গভীর রাতে রামরায়পুর চৌধুরীপাড়ার বিন্দু চৌধুরীর তিনটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া বাজারে রোববার রাতে দুর্বৃত্তরা যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতার যৌথ মালিকাধীন একটি ঘরে আগুন দেয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।