১৫ জেলের দণ্ড, জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে কুষ্টিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দে ১৫ জেলেকে জেল-জরিমানাসহ বিপুল পরিমাণ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর ও বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
ইলিশ প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাগর ও নদ-নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: গত শনিবার দিবাগত রাতে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পদ্মা নদীর বাহিরচরের মসলেমপুর এবং হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় প্রায় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, ছয়টি ইঞ্জিনচালিত নৌকা এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করা হয়। এ সময় আট জেলের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
ফরিদপুর: জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ থেকে ৪৫ হাজার মিটার জাল ও ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়। গতকাল ভোর থেকে নির্বাহী হাকিম ইউএনও রোকসানা রহমান পদ্মা ও আড়িয়াল খাঁ নদসংলগ্ন সদরপুরের চর নাছিরপুর ও দিয়ারা নাড়কেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালান।
পাথরঘাটা (বরগুনা): জেলার পাথরঘাটা উপজেলাসংলগ্ন বলেশ্বর নদ থেকে শনিবার রাতে ইলিশসহ একটি মাছধরা ট্রলার এবং জাল জব্দ করেছেন চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তৌহিদুজ্জামান জানান, ওই ট্রলার থেকে প্রায় দেড় লাখ টাকার ইলিশ ও দুই হাজার ২৫০ মিটার জাল জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রলারটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।