ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দরিদ্র ব্যক্তিদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টন ৪০০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার চান্দের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মঞ্জুরুল আলম। তাঁর বাড়ি চান্দের বাজার গ্রামে।
ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ জানতে পারে, চান্দের বাজার এলাকার একটি বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করা হয়েছে। এ চাল উদ্ধারের জন্য আর্মড পুলিশ গতকাল সকালে চান্দের বাজার এলাকায় অভিযান চালায়। দুপুরে বাজার এলাকার একটি বাড়ির টিনের ঘর থেকে ১৫ টন ৪০০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় চাল মজুত রাখার অপরাধে মঞ্জুরুল আলমকে আটক করা হয়।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোহাম্মদ কাইয়ুম বলেন, জিজ্ঞাসাবাদে মঞ্জুরুল জানান, চান্দের বাজারের ব্যবসায়ী ও ডিলার আবদুর রাজ্জাকের কাছ থেকে এসব চাল কিনে মজুত করেছিলেন তিনি। পরে আবদুর রাজ্জাককে আটক করার জন্য আর্মড পুলিশ অভিযান চালায়। তাঁকে খুঁজে পাওয়া যায়নি। ওই দুজনকে আসামি করে মামলা হবে।