১৫ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে রুল ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি শুনানির জন্য বিচারপতি খোন্দকার মূসা খালেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ গতকাল সোমবার এ আদেশ দেন। কোনো ধরনের মুলতবি ছাড়া আবেদন শুনানি করতে পক্ষদের বলা হয়।২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুল চূড়ান্ত শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ছিল।ওই আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে খালেদা জিয়া আবেদন করলে চলতি বছরের ৩০ নভেম্বর তা খারিজ হয়। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। ৯ ডিসেম্বর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি বিষয়টি ১১ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল শুনানি শেষে আপিল বিভাগ আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন।