১৫ তলা ভবন করতে ভাঙা হচ্ছে নীলক্ষেতের বাকুশাহ মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলক্ষেতের বাকুশাহ হকার্স মার্কেটে বহুতল ভবন হচ্ছে। এ জন্য পুলিশের সহযোগিতায় গতকাল সোমবার থেকে ওই মার্কেটের পুরোনো দোকানগুলো ভাঙার কাজ শুরু করেছে বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতি। তবে অনেক ব্যবসায়ী এর বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, কোনো সময় না দিয়েই দোকান ভাঙা হচ্ছে।
নীলক্ষেতের এই মার্কেটটিতে ১ হাজার ২০০ দোকান আছে। এটি ঢাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই ও বিভিন্ন সহায়ক বইয়ের বড় বাজার হিসেবে পরিচিত। বই ছাড়াও ফটোকপি, কম্পোজ, বাঁধাইসহ শিক্ষা-উপকরণের অনেক দোকান আছে এখানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে দোকান ভাঙার কাজ শুরু হয়। এ সময় মার্কেটের কিছু ব্যবসায়ী ও ভাড়াটে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতির সভাপতি আবদুল আউয়াল প্রথম আলোকে জানান, চার বছর আগে সমিতির সঙ্গে এ জি গ্রিন প্রপার্টি লিমিটেড নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের চুক্তি হয়। গত ডিসেম্বরে নির্মাতা প্রতিষ্ঠানকে জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য ভাড়াটে ব্যবসায়ীদের মালপত্র সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছিল। ব্যবসায়ীদের অনুরোধে এ পর্যন্ত তিন দফা সময় বাড়ানোও হয়। গত সপ্তাহে চিঠির মাধ্যমে সমিতির সব সদস্য ও ভাড়াটে ব্যবসায়ীদের বলা হয়, এখানে অভিযান চলবে। সে অনুযায়ী গতকাল সকাল থেকে উচ্ছেদ শুরু হয়েছে।
আবদুল আউয়াল জানান, নতুন ভবন নির্মাণের জন্য দুই ভাগে পুরো মার্কেট ভেঙে ফেলা হবে। প্রথমে পেছনের গোডাউন ও খাবারের দোকানগুলো ভাঙা হবে। এরপর নির্মাতা প্রতিষ্ঠান অফিস বানিয়ে কাজ শুরু করবে। তিনি জানান, মার্কেটটি হবে ১৫ তলা।
তবে মার্কেটের ভাড়াটে ব্যবসায়ীদের সংগঠন ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এই মার্কেটে আমার নিজের দোকান আছে। বহুতল ভবন হচ্ছে, তাতে আমাদের আপত্তি নেই। তবে আমরা সমিতির কাছে সময় চেয়েছিলাম। আমরা বলেছি, হঠাৎ করে এভাবে ভেঙে ফেললে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তারা কাউকে কোনো চিঠি না দিয়ে এবং পূর্বঘোষণা ছাড়া প্রথমে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপর মার্কেট ভাঙার কাজ শুরু হয়। অনেক দোকানে মালপত্র ছিল। জোরজবরদস্তি করে ভয়ভীতি দেখিয়ে দোকান ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা অন্তত ছয় মাস সময় চাই। নইলে তো ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবে।’