১৫ দফা দাবিতে রাজধানী ও আশপাশে সিপিবির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাম কমাও জান বাঁচাও’ দাবিতে ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবার রাজধানীর লালবাগ সেকশনের শহীদ মুরাদ চত্বর ও সাভারের বাইপাইল চৌরাস্তার মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়।একই দাবিতে আজ শনিবার বিকেল চারটায় মুক্তাঙ্গনে সমাবেশ করবেন সিপিবির নেতারা।সম্প্রতি সিপিবি চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গরিব মানুষের মধ্যে রেশন-ব্যবস্থা চালু, বাড়িভাড়া কমানো ও আইনের প্রয়োগ, বিএডিসিকে শক্তিশালী করে বাজার নিয়ন্ত্রণ করা, দক্ষ গণবণ্টন ব্যবস্থা চালুসহ ১৫ দফা দাবি তোলে। সিপিবির লালবাগ শাখা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বাড়িভাড়া নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে সিপিবির নেতা সুকান্ত শফি চৌধুরী, অর্ণব সরকার, হীরক পাশা প্রমুখ বক্তব্য দেন। সাভার উপজেলা কমিটির আয়োজনে সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক, ক্ষেতমজুরসহ দলের অর্ধশত সদস্য অংশ নেন। সিপিবির নেতা আবদুর রহিম, আজম খান, সাজেদা বেগম প্রমুখ এতে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।