ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক শিক্ষার্থী টানা ১৫ দিন নির্ধারিত আসনে (সিট) না থাকলে তার আসন বাতিল করা হবে। বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল প্রাধ্যক্ষ পরিষদ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে গতকাল সকাল ১০টায় এ পরিষদের এক জরুরি সভা হয়। সভায় শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়। শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সব আবাসিক হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো কোনো আবাসিক শিক্ষার্থী টানা ১৫ দিন নির্ধারিত সিটে না থাকলে তাঁর আবাসিকতা বাতিল করা হবে, হলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়া অন্য কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবেন না। আবাসিক শিক্ষার্থীদের বাইরেও শিক্ষার্থীদের বিশেষ আবাসিকতা দেওয়া হবে। এতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা আবাসিক হলে অন্যের সিটে ডাবলিং (একজনের সিটে দুজন) করে থাকতে পারবেন। তবে এ জন্য নির্দিষ্ট ফি জমা দেওয়ার মাধ্যমে হল প্রশাসনের অনুমোদিত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।এ ছাড়া সব আবাসিক শিক্ষার্থীর পরিচয়পত্রে হলের কক্ষ নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর অন্তর্ভুক্ত করা হবে।
আবাসিক হল প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত করার একটি অন্যতম অংশ হচ্ছে আবাসিক হলসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত থাকছেন কি না, তাঁদের ব্যাপারে প্রয়োজনীয় মনিটরিং (তদারকি) করা। আমাদের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ প্রতিরোধে একটি বড় পদক্ষেপ হবে বলে আমি আশা করি।’
এর আগে গতকাল সকাল নয়টায় ঈদুল আজহার ছুটি শেষে সব আবাসিক হল খুলে দেওয়া হয়। আজ বুধবার থেকে সব বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু হবে বলে জানা গেছে।