১৫ দিন ইলিশ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মা-ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল-জরিমানা ও দণ্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী, আশ্বিনের ভরা পূর্ণিমার সময় ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা-ইলিশ ডিম ছাড়ার জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আসে। চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় মা-ইলিশ ডিম ছাড়ে।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত বছর মাত্র ৩৬ শতাংশ ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছিল। যে কারণে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ইলিশ আহরিত হয়।
ইনস্টিটিউটের ইলিশ গবেষক আনিছুর রহমান বলেন, এ বছর সঠিকভাবে মা-ইলিশ রক্ষা করা গেলে আগামী বছর ইলিশের উৎপাদন ৪ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে; যার দাম হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, মাছ ধরা বন্ধ রাখার সময়টাতে জেলেদের সরকারি সহায়তা দেওয়া উচিত। তা না হলে মা-ইলিশ রক্ষা সম্ভব হবে না। জেলেরা লুকিয়ে নদীতে নামবেই।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞার সময় এ বছর ১১ থেকে বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে। এ সময় আমরা জেলেদের ভিজিএফের মাধ্যমে চাল দেওয়ার প্রস্তাব করেছি। কিন্তু এখনো এর অনুমোদন পাইনি। চাঁদপুর জেলায় নিবন্ধিত জেলে আছেন ৩৮ হাজার। এর মধ্যে সরকারি তালিকাভুক্ত ইলিশ ধরার জেলের সংখ্যা ৩৩ হাজার।’