১৫ দিন একঘরে শাবানা ‘প্রাণ জুড়ালেন’ বিষপানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আপন চাচার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে একঘরে করে রাখার পর অপমান সইতে না পেরে শাবানা বেগম (১৮) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। শাবানার সঙ্গে তাঁর অভিযুক্ত চাচাও বিষপান করেছিলেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সৈয়দাবাদ গ্রামের বাক্প্রতিবন্ধী হতদরিদ্র বাসিন্দা আবদুস শহিদের একমাত্র মেয়ে শাবানা। আবদুস শহিদের ছোট ভাই ও শাবানার চাচা মো. রিপন (২০) চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করেন। সম্প্রতি শাবানা পরিবারের সম্মতি নিয়ে চাচা রিপনের সঙ্গে চট্টগ্রামে বেড়াতে যান।রিপনের বাবা ও শাবানার দাদা মো. ছফি উল্যাহ বলেন, প্রতিবেশীদের কয়েকজন রিপনের সঙ্গে শাবানার চট্টগ্রামে যাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখেননি। তাঁরা গুজব ছড়িয়ে দেন, রিপনের সঙ্গে শাবানার অবৈধ সম্পর্ক রয়েছে।ছফি উল্যাহ বলেন, সৈয়দাবাদ ভুঁইয়া বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি তোফায়েল আহমেদ তাঁর জায়গা কিনতে চেয়েছিলেন। তিনি জমি বিক্রি করতে অস্বীকার করায় তোফায়েল তাঁর ওপর ক্ষিপ্ত হন এবং এ গুজব কাজে লাগিয়ে শাবানার বিরুদ্ধে চাচার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগ আনেন।ছফি উল্যাহ অভিযোগ করেন, তোফায়েল ও পার্শ্ববর্তী আহলাদীনগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল আজিজের নেতৃত্বে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা শাবানা ও রিপনের পরিবারকে প্রকাশ্য বিচার না হওয়া পর্যন্ত বয়কট করেন। একই সঙ্গে আগামী শুক্রবার সালিস বৈঠকে তাঁদের প্রকাশ্য বিচার হবে বলে ঠিক করেন। ছফি উল্যাহ জানান, গত ১৫ দিন গ্রামের কোনো দোকানদার তাঁদের কাছে সদাই বিক্রি করেননি। এমনকি তাঁদের বাড়ি থেকেও বের হতে দেওয়া হয়নি।লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রিপন শাবানার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক থাকার কথা অস্বীকার করে বলেছেন, মিথ্যা অভিযোগ তুলে তাঁদের সালিসে হাজির করার ঘোষণায় তাঁরা মুষড়ে পড়েছিলেন। টানা ১৫ দিন তাঁদের কারণে পরিবারের সবাইকে একঘরে হয়ে থাকতে হয়েছে। এ অপমান সইতে না পেরে তাঁরা একসঙ্গে কীটনাশক পান করেন।তোফায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তারা বে-শরিয়তি কাজ করেছে। তাই আমরা সমাজের লোক হিসেবে তাদের সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।’স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুল সহিদ জানান, শাবানার আত্মহত্যার পর তিনি বিষয়টি শুনেছেন। বয়কট করার সিদ্ধান্তের বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন না।লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, শাবানার চাচা বদিউল আলম এ ঘটনায় পাঁচজনকে আসামি করে লক্ষ্মীপুর থানায় মামলা করেছেন। তবে তিনি এ প্রতিবেদকের কাছে আসামিদের নাম প্রকাশ করতে চাননি।