১৫ দিন ধরে সি-ট্রাক বিকল, চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌপথে চলাচলকারী একমাত্র নৌযান এসটি শেখ জামাল ১৫ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদীবেষ্টিত মনপুরা উপজেলার লক্ষাধিক মানুষ। অবৈধ ট্রলারমালিকদের সঙ্গে ইজারাদার-মাস্টার যোগসাজশ করে বারবার সি-ট্রাক বিকল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইজারাদার নুরুদ্দিন ও মাস্টার আবদুল আক্কাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সি-ট্রাকটির বয়স প্রায় ২৫ বছর। ইঞ্জিনের প্রতিটি যন্ত্রাংশ পুরাতন হওয়ায় বারবার বিকল হচ্ছে। গত মার্চ থেকে সি-ট্রাকটি ২৫ বার বিকল হয়েছে। সর্বশেষ গত ২৮ আগস্ট ইঞ্জিনের তেলের পাম্পসহ বেশ কিছু যন্ত্রাংশ বিকল হয়ে যায়। বিআইডব্লিউটিসি সংস্কার করলে সময় বেশি লাগে। তাই আমরা নিজেরাই অর্থ খরচ করে সংস্কার করছি। এ পথে একটি নতুন সি-ট্রাক দরকার।’
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বারবার মনপুরা-তজুমদ্দিন পথে সি-ট্রাক বিকল হচ্ছে। নতুন সি-ট্রাক চেয়েও পাওয়া যাচ্ছে না।
মনপুরার বাসিন্দা শিক্ষক আবদুল্লাহ জুয়েল বলেন, প্রতিদিন ঝড়-বৃষ্টি হচ্ছে। মেঘনা নদী উত্তাল। বাধ্য হয়ে অবৈধ ট্রলারে মানুষ মনপুরা-তজুমদ্দিন যাতায়াত করছে।
উপজেলার শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম ও হাজীরহাট ব্যবসায়ী সমিতির সহসভাপতি আমির হোসাইন বলেন, সি-ট্রাক বন্ধ থাকায় রোগীদের সদর হাসপাতাল বা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ।
মনপুরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, বারবার সি-ট্রাক বন্ধ হওয়ার পেছনে বিআইডব্লিউটিসির কর্মকর্তা, ইজারাদার ও সি-ট্রাকের কর্মচারীদের হাত রয়েছে। ট্রলারমালিকেরা তাঁদের টাকা দিচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী বলেন, ‘সি-ট্রাক বিকল হওয়ার পর তাৎক্ষণিকভাবে সংস্কারের জন্য বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের জানিয়েছি। ১৫ দিন চলে গেলেও সংস্কার করা হয়নি।’
বিআইডব্লিটিসির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘মনপুরা-তজুমদ্দিন রুটের সি-ট্রাক বন্ধ থাকার বিষয়ে তেমন কিছু জানি না। শুনেছি, ট্রলারমালিক ও ইজারাদারের যোগসাজশে প্রায় সি-ট্রাক বন্ধ হচ্ছে। এ ছাড়া সি-ট্রাকটিও বেশ পুরাতন। আমরা দ্রুতগামী কিছু সি-ট্রাক কেনার কথা ভাবছি। আশা করি, সমস্যা দ্রুত সমাধান হবে।’