১৫ দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ দিন পর ফের উৎপাদন শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায়। ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব মেরামত শেষে আজ রোববার বেলা দুইটা থেকে সার উৎপাদন শুরু হয়। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার ইউটিলিটি প্ল্যান্টের বয়লারে ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব মেরামতের জন্য ১৪ জানুয়ারি বেলা তিনটা থেকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৫ দিন পর আজ বেলা দুইটায় আবার কারখানায় সার উৎপাদন শুরু হয়েছে।
২০১৬-২০১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডকে (জেএফসিএল) চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। ১৪ জানুয়ারি পর্যন্ত কারখানায় ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে।
কারখানার ইউটিলিটি প্ল্যান্টের অতিরিক্ত প্রধান রসায়নবিদ বিনান্ত কুমার বৈরাগী বলেন, ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র মেরামত করে উৎপাদনে যাওয়া হয়েছে।