১৫ দিন পর ৩ জেলে মুক্ত, এখনো জিম্মি ৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে অপহৃত হওয়ার ১৫ দিন পর সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের তিন জেলে ফিরে এলেও অপর তিনজন এখনো বনদস্যুদের কাছে জিম্মি রয়েছেন। জিম্মি অবস্থা থেকে ফিরে এসে গতকাল সোমবার এসব তথ্য জানিয়েছেন মুক্তি পাওয়া তিন জেলে।

ফিরে আসা জেলেরা হলেন বুড়িগোয়ালিনী গ্রামের রিপন গাজী, আবদুল গনি ঢালি ও আনিছুর গাজী।

গত ২৫ সেপ্টেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হেতালবুনিয়া এলাকা থেকে বনদস্যু ‘নোয়া মিয়া’ বাহিনী পরিচয়ে ১০-১২ জন দস্যু এসব জেলেকে জিম্মি করে। সাড়ে সাত লাখ টাকা দাবি করে বনদস্যু দলটি ওই ছয় জেলেকে জিম্মি করে। ফিরে আসা জেলে রিপন গাজী জানান, তাঁদের ৩২টি নৌকার বহর থেকে ছয় জেলেকে জিম্মি করে বনদস্যুরা। বনদস্যু দলটি নৌকাপ্রতি ৩০ হাজার করে ৯ লাখ ৬০ হাজার টাকা দাবি করে।

শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কেউ এ বিষয়ে তাঁদের কাছে অভিযোগ করেনি।