১৫ দিন পর 'সন্ত্রাসীর' লাশ
নিখোঁজ হওয়ার ১৫ দিন পর গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকা থেকে পুলিশ শওকত আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, শওকত হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ ১৭ মামলার আসামি। তিনি পলাতক ছিলেন।
এদিকে শওকতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে তাঁর লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
উপজেলার মাছিমপুর এলাকার আবদুল লতিফের ছেলে শওকত। তিনি গত ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার মাছিমপুর এলাকা থেকে শওকত নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গুতিয়াবো এলাকায় সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে অটোরিকশায় করে থানার উদ্দেশে রওনা হয়। এ সময় শওকতের পক্ষের লোকজন পুলিশকে বাধা দেয়। পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধস্তাধস্তি হয়। এতে পুলিশের উপপরিদর্শক এ কে আজাদ, মাহিদুল রহমান, উপপরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন, শফিক মিয়া ও কনস্টেবল কাশেম আহত হন। শওকত আলীর বাবা আবদুল লতিফ অভিযোগ করেন, র্যাব পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক ২৬ সেপ্টেম্বর মাছিমপুর বাজার থেকে তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। শওকতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, শওকতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।