১৫ দিন পরেই তালাক চাইলেন বর!
কনে পছন্দ করেছেন বর। দেখেশুনে যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে করিয়েছেন বরের বাবা। বিয়ের ১৫ দিন পর বরের অপছন্দ হয়ে গেল সেই কনে। শুধু তা-ই নয়, বরের বাবার কাছেও পছন্দ হচ্ছে না ছেলের বউকে। তাই বউকে ঘরে তুলতে শর্ত জুড়ে দিয়েছেন। দাবি করেছেন লাখ টাকার আসবাব, রেফ্রিজারেটর, মোটরসাইকেলসহ নানা যৌতুক। অথচ হাজার টাকা দামের একটি সামগ্রী দেওয়ার ক্ষমতাও নেই কনেপক্ষের।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের খীলমোগল গ্রামের কাজী এনামুল হকের মেয়ে কাজী লাভলী আকতার। বাবা মানসিক রোগে আক্রান্ত হয়ে দেশান্তর হয়েছেন অনেক আগে। তখন থেকে লাভলীদের সংসারে চলছে আর্থিক দৈন্য। গত বছর লালানগর উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময়ই লেখাপড়ার পাট চুকে যায় তাঁর। এর মধ্যে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রামের তোফায়েল আহমদের ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী দিদারুল আলমের চোখে পড়ে যান লাভলী। ঘটক আবদুল কাদেরকে দিয়ে লাভলীকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। দিদারের মা-বাবা ও বোন মুগ্ধ হয়ে লাভলীকে বউ করার সিদ্ধান্ত নেন। কোনো রকম যৌতুকের দাবি ছিল না।গত বছরের ২০ ডিসেম্বর চার লাখ টাকা কাবিননামা মূলে আক্দ সম্পন্ন হয় লাভলীর। বরপক্ষ এ সময় স্বেচ্ছায় দেড় ভরি স্বর্ণালংকার দেয়। কিন্তু ঘরে না তুলে লাভলীকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে থাকেন দিদার। এর মধ্যে মোহ কেটে যায় তাঁর। ৪ জানুয়ারি দিদার তাঁর অপছন্দের কথা লাভলীকে জানান। দাবি করে বসেন, তাঁর সংসারে আসতে হলে লাখ টাকার আসবাব, রেফ্রিজারেটর, মোটরসাইকেল দিতে হবে। সহায়-সম্বলহীন লাভলী যৌতুক দিতে অপারগতার কথা স্বামীকে বোঝানোর চেষ্টা করেন। স্বামী উল্টো তালাক দেওয়ার হুমকি দেন। সে রাতে ঘুমোতে পারেননি লাভলী। পরের দিন সকালে ঘটক আবদুল কাদের ৫০ হাজার টাকা নিয়ে তালাকনামায় সই নিতে আসেন লাভলীর কাছে। লাভলি সে প্রস্তাবে রাজি হননি। পুনরায় ৮০ হাজার টাকা নিয়ে তালাকনামায় সই দিতে বলেন ঘটক। তাতেও রাজি না হওয়ায় মরিয়মনগর ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হন দিদারের বাবা। ইউপি চেয়ারম্যান ৬ জানুয়ারি বিষয়টি মীমাংসায় বসেন। এতে কনেপক্ষের কোনো কথা না শুনে এক লাখ ৩০ হাজার টাকায় লাভলীকে তালাক দেওয়ার প্রস্তাব দেন। ফলে লাভলী স্বামীর সংসারে ফিরে যাওয়ার আকুতি জানিয়ে ১০ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। লাভলী বলেন, ‘আমি বিয়ে করেছি সংসারি হওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য নয়। স্ত্রীর মর্যাদা না পেলে গলায় দড়ি দেব। তবু টাকার বিনিময়ে অধিকার বিক্রি করব না।’দিদার বলেন, ‘পছন্দ হওয়ায় বিয়ে করেছি। এখন পছন্দ হচ্ছে না, তালাক দেব। এ জন্য আমি ক্ষতিপূরণ দেব। তা যদি না হয় তাহলে যৌতুক দিতে হবে।’ দিদারের বাবা তোফায়েল আহমদ বলেন, ‘বউকে পছন্দ করছে না ছেলে। এতে আমার কী করার আছে?’ মরিয়মনগর ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ছেলেপক্ষ বিষয়টি মীমাংসার জন্য বলেছে। তাই সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি।রাঙ্গুনিয়ার ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘পছন্দ হলে বিয়ে করবে, পছন্দ না হলে ছেড়ে দেবে—এ দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বরপক্ষকে। দেশ এখনো মগের মুল্লুক হয়নি যে বিয়ের ১৫ দিন পর তালাক দেবে। আর যৌতুক দাবি করা সামাজিক অপরাধ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’