১৫ দিন পানি নেই পুরুষ ওয়ার্ডে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ১৫ দিন ধরে পানি নেই। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হানিফ মোল্লা অভিযোগ করেন, ‘গত বুধবার আমার ছেলেকে পেটের ব্যথার কারণে এখানে ভর্তি করেছি। শৌচাগারে পানি নেই। এমনকি খাওয়ার পানিও নেই। বাইরে থেকে পানি এনে কাজ সারতে হচ্ছে।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগী অভিযোগ করেন, পানি না থাকায় বাথরুমে যাওয়া যায় না। বাথরুমের দুর্গন্ধে ওয়ার্ডে থাকা মুশকিল হয়ে পড়েছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কৃষ্ণ ধর বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের সঙ্গে পুরুষ ওয়ার্ডের সংযুক্তকরণ উড়াল সেতুর (ওভার ব্রিজ) নির্মাণকাজ করতে গিয়ে ঠিকাদারের লোকেরা পানির পাইপের লাইনের ক্ষতি করেছে। এতে ওই ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত জানান, পানির সমস্যাটি সিভিল সার্জনকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।