নির্ধারিত সময় পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকরের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেয়নি। গতকাল বুধবার ওই প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদন জমা দেওয়ার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। আবু বকর সিদ্দিক গত ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন। এরপর চিকিত্সাধীন অবস্থায় গত ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনে সহ-উপাচার্য হারুন অর রশীদকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৫ দিনের মধ্যে এই কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে জানতে চাইলে হারুন অর রশীদ প্রথম আলোকে জানান, তদন্ত-প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তবে যাদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে সেগুলো লিপিবদ্ধ ও তদন্তের স্বার্থে আরও কয়েকজনের সাক্ষাত্কার নেওয়া প্রয়োজন। এ জন্য উপাচার্যের অনুমতি নিয়ে সময় বাড়ানো হয়েছে।