১৫ দিনে চুক্তি সম্পাদনের দাবি চা-শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধিসহ ২০ দফা দাবির বিষয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন এবং চা-সংসদের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন বিলম্বিত হওয়ায় চা-শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে চুক্তি সম্পাদন না করলে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ইউনিয়নের বর্তমান কমিটি ২০১৪ সালের ১০ আগস্ট নির্বাচিত হয়। দায়িত্ব গ্রহণের পর কমিটি মজুরি বৃদ্ধিসহ ২০ দফা দাবি উত্থাপন করে। এসব দাবির মধ্যে আছে রেশন চিকিৎসাসহ অন্য সব সুযোগ-সুবিধা বহাল রেখে দৈনিক মজুরি ২০০ টাকা করা। বছরে দুই মাসের মজুরির সমান উৎসব বোনাস এবং চা-বাগানের সাপ্তাহিক ছুটির দিন মজুরি দেওয়া।
দাবিগুলোর বিষয়ে ইতিমধ্যে ইউনিয়ন এবং চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদ নেতাদের মধ্যে নয়টি সভা হয়েছে। এতে অনেকগুলো দাবির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। কিন্তু মজুরি বৃদ্ধিসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো হয়নি। চা-শ্রমিকদের পক্ষ থেকে ২০০ টাকা দৈনিক মজুরি দাবি করা হলেও মালিকপক্ষ ৮২ টাকা পর্যন্ত প্রস্তাব করেছেন, যা চা-শ্রমিক ইউনিয়ন মেনে নেয়নি।
চা-শ্রমিক ইউনিয়ন এবং চা-সংসদের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে গত রোববার শ্রীমঙ্গলে চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের লেবার হাউসে এক মতবিনিময় সভা হয়। এতে ইউনিয়ন ও বালিশিরা ভ্যালি (কয়েকটি বাগান নিয়ে একটি ভ্যালি) নেতারা উপস্থিত ছিলেন। বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, ‘চুক্তির বিষয়ে ভালো অগ্রগতি না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ সৃষ্টি হচ্ছে। আমরা ১৫ দিনের সময় দিয়েছি। এর মধ্যে চুক্তি না হলে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’
বাংলাদেশীয় চা-সংসদের সিলেট অঞ্চলের ব্রাঞ্চ চেয়ারম্যান জি এম শিবলী বলেন, ‘দুই পক্ষে আলাপ-আলোচনা হচ্ছে। ঢাকায় কয়েকটা মিটিং হয়েছে। দুই পক্ষ একমত না হওয়ায় চুক্তির বিষয়টি ফাইনাল হয়নি। তবে আলাপ-আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হবে। ’