১৫ দিনে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাহাড়ে থাকা ঝুঁকিপূর্ণ বসতির তালিকা করে ১৫ দিনের মধ্যে তা পাহাড় ব্যবস্থাপনা কমিটিকে দিতে হবে। ওই তালিকা অনুযায়ী সেখানে বসবাসকারীদের সাময়িকভাবে পুনর্বাসন করা হবে।চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার সকালে পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিটির একাধিক সদস্য অভিযোগ করেন, পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের ক্ষেত্রে কিছু জনপ্রতিনিধি বাধা হয়ে দাঁড়ান।বাটালি হিলের প্রতিরক্ষা-দেয়াল ধসে ১৭ জনের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর কমিটির এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা অনুযায়ী বসবাসকারীদের সরকারি উদ্যোগে সাময়িকভাবে পুনর্বাসন করা হবে। তাঁদের অন্য জায়গায় ভাড়াঘরে নিয়ে যাওয়া হবে। এক বছর পর্যন্ত জেলা প্রশাসনের দুর্গত তহবিল থেকে তাঁদের ঘর ভাড়া ব্যয় নির্বাহ করা হবে। জেলা প্রশাসক মো. ফয়েজ আহম্মদ বৈঠকে জানান, ২০০৭ সালের পাহাড়ধসের পর গঠিত সাহায্য তহবিল থেকে এখন ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনে টাকা খরচ করা হবে।বৈঠকে অবৈধ পাহাড় দখলদারদের উচ্ছেদেরও সিদ্ধান্ত হয়। বাটালি হিলের ঘটনায় সংশ্লিষ্ট জমিদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়।বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান বলেন, কিছু জনপ্রতিনিধি সংশ্লিষ্ট এলাকার ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সময় বাধা হয়ে দাঁড়ান। তাঁরা মনে করেন, এঁরা ওখান থেকে চলে গেলে নির্বাচনে হেরে যাবেন। তবে বৃহত্তর স্বার্থে আমাদের বিষয়টি ভেবে দেখা দরকার।এর আগে জেলা প্রশাসক বলেন, এসব বস্তিকে কিছু রাজনীতিবিদ ভোটের পকেট হিসেবে মনে করেন। ফলে অনেক সময় ব্যবস্থা নিতে সমস্যা হয়। বৈঠকে সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম, সেনাবাহিনী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ফায়ার সার্ভিস, রেলওয়েসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।