ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ডাকাতরা সক্রিয় হয়ে উঠেছে, প্রায় প্রতিরাতে ডাকাতির ঘটনা ঘটছে। লুটে নিচ্ছে যাত্রীদের নগদ অর্থ ও মালামাল। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গত ১৫ দিনে পাঁচজনের প্রাণহানীর ঘটনাও ঘটছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ঢাকার গুলিস্তান থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস রাত পৌনে ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড পার হওয়ার পর যাত্রীবেশী ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্নালঙ্কার, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুটে নিতে থাকে। যাত্রীরা বাঁধা দিলে ডাকাতরা চাপাতি ও দা দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে বাসশ্রমিকসহ কয়েকজন যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এদের মধ্যে ধামরাইয়ের শ্রীরামপুরের আক্কাস আলী ও ডাকাতির শিকার বাসটির চালকের সহযোগী রাসেলসহ তিনজন মারা যান। আহত হন অন্তত ১৫ যাত্রী। ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে জনতা রানা, বাবু ও আনোয়ার হোসেন নামে তিনজনকে পুলিশে সোপর্দ করে। বাকিরা পালিয়ে যায়। পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক বজলুর রহমানকে আটক করলেও পরে ছেড়ে দেয়।মানিকগঞ্জ শুভযাত্রা মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে ডাকাতের হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনার পর রাত আড়াইটার দিকে ডাকাতরা শুভযাত্রা পরিবহনের আরও একটি বাস ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। টের পেয়ে বাস মালিকরা ধাওয়া করে ধামরাইয়ের কালামপুর করীম ফিলিং স্টেশন থেকে বাসটি আটক করেন। তবে ডাকতরা পালিয়ে যেতে সক্ষম হয়।এর আগে গত ১৫ আগস্ট ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে কালামপুর বাসস্ট্যান্ড পার হওয়ার পর যাত্রীবেশী ডাকাতরা শুভযাত্রা পরিবহনের আরও একটি বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিয়ে যায়। এরপর ডাকাতরা যাত্রীদের মালামাল ও নগদ অর্থ লুটে নিয়ে যাত্রীদের ছেড়ে দিয়ে বাসটি রেখে চলে যায়। ৬ আগস্ট ডাকাতরা জয়নাল আবেদিন নামে একটি পন্যবাহী ট্রাকের চালক ও তাঁর সহযোগী রুবেলকে হত্যা করে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা চালায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকটি ধামরাইয়ের কালামপুর থেকে উদ্ধার করা হয়।নাম প্রকাশ না করার শর্তে যানবাহন শ্রমিক ও মালিকরা অভিযোগ করেন, মহাসড়কের সাভারের আমিন বাজার ও ধামরাইয়ের ইসলামপুরসহ বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে পুলিশ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে। আর এই সুযোগে ডাকাতরা যানবাহনে ডাকাতি করে। মানিকগঞ্জ শুভযাত্রা মিনিবাস মালিক সমিতির সভাপতি আবদুল মতিন মোল্লা বলেন, পুলিশ রাতে মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ভূমিকা না রাখার কারণে ক্রমাগত ডাকাতির ঘটনা ঘটছে। ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, রাতভর হাইওয়ে ও থানা পুলিশ মহাসড়কে প্রহরা দেওয়ার পরেও মাঝে মধ্যেই যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়কটিতে শত শত যানবাহন চলাচল করে তাই দুই একটি ডাকাতির ঘটনা ঘটবেই। অপরাধ শূণ্য পর্যায়ে নামিয়ে আনা সম্ভব নয়। যানবাহন থেকে পুলিশের চাঁদা আদায় প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন বলেন, এ ধরনের কোন অভিযোগ তারা পাননি।