১৫ দিনে দুই শতাধিক বাড়িঘর তিস্তায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রাম তিস্তা নদীতে বিলীন হচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রাম তিস্তা নদীতে বিলীন হচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

তিস্তা নদীর ভাঙনে চলতি মাসের ১৫ দিনে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জে তিন গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি ও প্রায় ৬০ একর আবাদি জমি বিলীন হয়েছে। এতে সহস্রাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্রের বন্যানিয়ন্ত্রণ বাঁধেও ভাঙন দেখা দিয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, বন্যার পানি কমার সময় ভাঙন দেখা দেয়। চলতি মাসের (আগস্ট) শুরু থেকে দুই সপ্তাহের মধ্যে খানাবাড়ি গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এ ছাড়া দক্ষিণ শ্রীপুর ও গোঘাট গ্রামের অর্ধেকের বেশি অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। এ তিনটি গ্রামের প্রায় ৬০ একর জমি বিলীন হয়েছে। ভাঙনকবলিত ব্যক্তিরা ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। দক্ষিণ শ্রীপুর গ্রামে সেই বাঁধেও ভাঙন দেখা দিয়েছে।
গতকাল সোমবার ভাঙনকবলিত তিনটি গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনের আতঙ্কে কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। কেউ বাঁধে আশ্রয় নিয়েছে।
খানাবাড়ি গ্রামের কৃষক মফিজুল হক (৬৫) বলেন, ‘ওই দ্যাকেন, হামারগরে জমাজমি, বাড়িঘর পানিত ভাসপ্যার নাগচে। চোকের সামনে হামার বাপ-দাদার ভিট্যা, দশ বিগ্যা জমি, দুইট্যা ঘর নদীত চলি গেল, কিচুই করব্যার পানো না। একন বানদোত (বাঁধ) আচি। সেই বানদো ভাঙি যাবার নাগচে।’
দক্ষিণ শ্রীপুর গ্রামের কৃষক ফরিদ মিয়া বলেন, ‘খানাবাড়ি গ্রাম ভাঙি হামারঘরে গেরাম ভাঙবার নাগচে। কয়দিনে হামারঘরে তিনট্যা ঘর, দুই বিগ্যা জমি ভাঙি গেচে। বানদোত থাকপ্যার জাগা পাই নাই। সাত দিন থাকি হামরা মানসের জাগাত আচি।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ফুট এলাকা বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে কয়েক দিনের মধ্যে গোটা দক্ষিণ শ্রীপুর গ্রাম বিলীন হবে। বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। তবে এখনো কাজ হয়নি।
গাইবান্ধা সদর উপজেলার গোঘাট গ্রামেও ভাঙন দেখা দিয়েছে। গোঘাট গ্রামের কৃষক জোবেদ আলী বলেন, ‘আমার চারটি টিনের ঘর পনেরো দিনের ব্যবধানে নদীগর্ভে চলে যায়। কয়েক দিন থেকে এক আত্মীয়ের জায়গায় ঘর তুলে আছি।’
জানতে চাইলে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার মুঠোফোনে বলেন, দক্ষিণ শ্রীপুর এলাকায় এই মুহূর্তে ভাঙনরোধে কোনো কর্মসূচি নেই। তবে গোঘাট এলাকায় ভাঙন প্রতিরোধে নদীর তীরে বালুভর্তি ব্যাগ ফেলার কাজ চলছে।