বাল্যবিবাহকে নিরুৎসাহিত করতে কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন। গত ১৫ দিনে প্রশাসন পাঁচ কিশোরীর বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করার দায়ে প্রশাসন আদালত পরিচালনা করে সাতজনকে কারাদণ্ড দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের হস্তক্ষেপে গত ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত উপজেলার পাঁচ কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পায়। একটি আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন এবং তিনটি আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম।
ইউএনওর কার্যালয় সূত্রে জানায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যা সাতটায় উপজেলার আমুয়াকান্দা গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সানকিভাঙা গ্রামের মো. শাফায়েত হোসেন (২৪) নামে এক তরুণের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম কয়েকজন পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করেন। সে সময় বর শাফায়েত ও কনের বাবাকে আটক করা হয়। রাতে তিনি ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। একই দিন (২৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় উপজেলার জিপগাঁও গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) সঙ্গে উপজেলার বাড়িভাঙা গ্রামের মো. শাহ আলমের (২৮) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও সেখানে যান এবং বিয়ে বন্ধ করে দেন।
২৫ এপ্রিল রাত আটটায় উপজেলার কলাকান্দা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) সঙ্গে সাতানি গ্রামের আরিফ হোসেনের (৩২) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও সেখানে যান এবং বিয়ে বন্ধ করে আরিফকে আটক করেন। পরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি আরিফকে এক বছর কারাদণ্ড দেন।
৬ মে রাত আটটায় উপজেলার ব্রাহ্মণচক গ্রামের এক কিশোরীর (১৪) সঙ্গে মো. আল আমিন (৩৫) নামে এক তরুণের বিয়ের আয়োজন করা হয়। পুলিশের কয়েকজন সদস্য নিয়ে ইউএনও সেখানে যান এবং বিয়ে ঠেকিয়ে দেন। এ সময় তাঁর নির্দেশে পুলিশ বর মো. আল আমিন ও কিশোরীর বাবা মো. হুমায়ুন খানকে (৩৬) আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। তাঁর উপজেলাকে তিনি যেকোনো মূল্যে বাল্যবিবাহমুক্ত করবেন। এ জন্য বাল্যবিবাহ বন্ধে তিনি অভিযান অব্যাহত রাখবেন।