১৫ দিনে বাজারসহ তিন শতাধিক ঘর বিলীন
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুরে মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ১৫ দিনে বাজার, স্কুল, মসজিদসহ তিন শতাধিক ঘর ও ৬০০ একরেরও বেশি জমি বিলীন হয়েছে। আটবার ভাঙনের শিকার রামদাসপুর গ্রামের আবদুল মান্নান চৌকিদার (৬৫) বলেন, ‘আর পারি নাগো, এই জ্বালা সইতাম পারি না, আল্লায় লই গেলে বাইচতাম, এ্যান ভাঙ্গন আমি জীবনে দেইনো, বেয়ান-বিয়ালে (সকালে-বিকেলে) ভাঙ্গে য্যান।’ বুধবার সরেজমিনে দেখা গেছে, উত্তর রাজাপুরের রামদাসপুর ও চরসীতারাম গ্রামের ভাঙনকবলিত ব্যক্তিরা ঘর-আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। অনেকে গাছপালা কাটায় ব্যস্ত। পাশেই নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। চরসীতারাম গ্রামের বাসিন্দারা জানায়, ঈদের পর থেকে গত বুধবার পর্যন্ত সরদারবাড়ী, মালবাড়ী, ফরাজীবাড়ী, মিজিবাড়ী ও মল্লিকবাড়ীর লোকজনসহ কমপক্ষে ১০০টি পরিবার তাদের বসতঘর সরিয়ে নেওয়ার পরে সেই বসতভিটা নদীতে চলে গেছে। গ্রামের বিল্লাল সাজি (৩২) বলেন, ‘ইয়াছিন মল্লিকবাড়ীর দরজার জামে মসজিদটি ১৫ রোজার পরে নদীগর্ভে বিলীন হলে মুসল্লিরা তারাবির নামাজ পড়তে পারেননি। ইমাম এলাকা ছেড়ে চলে গেছেন। গত ১৫ দিনে রামদাসপুর গ্রামের দক্ষিণ-পূর্ব অংশ একদম শেষ। গ্রামের পুরোনো কাপেরহাট বাজারের শতাধিক দোকান-বসতঘর, রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পাকা ভবন, কৃষিপণ্য রক্ষণাগারসহ দুই শতাধিক কাঁচা-পাকা ঘর বিলীন হয়ে গেছে। দুই গ্রামে বিলীন হয়েছে কমপক্ষে ৬০০ একর জমি।’ রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, কয়েক বছরে উত্তর রাজাপুর ভেঙে ১৭টি গ্রামের মধ্যে ১৪টি নিশ্চিহ্ন হয়ে গেছে। কয়েক হাজার পরিবার পথে বসেছে। কিন্তু এসব পরিবারকে পুনর্বাসিত করার উদ্যোগ সরকারের নেই। ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই মুহূর্তে ভাঙনকবলিতদের পুনর্বাসনের প্রক্রিয়া হাতে নেই। তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি।’