১৫ দিনে সোয়া কোটি টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) বিদ্যুৎ চুরির অভিযোগে ১৫ দিনে তিনটি প্রতিষ্ঠান থেকে সোয়া কোটি টাকা জরিমানা আদায় করেছে। সর্বশেষ গতকাল একটি বরফ কারখানার মালিকের কাছ থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে গঠিত ডিপিডিসির বিশেষ টাস্কফোর্স এসব বিদ্যুৎ চুরি শনাক্ত করে জরিমানা আদায় করছে। গত নভেম্বরে টাস্কফোর্স গঠনের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৪ কোটি টাকা জরিমানা ও বকেয়া আদায় করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
টাস্কফোর্সের প্রধান ডিপিডিসির সচিব মুনীর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, গত শনিবার রাজধানীর সোয়ারীঘাটের একতা আইস ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এর পরে গতকাল প্রতিষ্ঠানটির কাছ থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে থাকা একজন কর্মকর্তা জানান, শনিবার সকালে বুড়িগঙ্গা নদীতীরের ওই কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে বিদ্যুতের তিনটি ফেজের (সংযোগ) মধ্যে দুটির সঙ্গে মিটার সংযুক্ত রয়েছে। আরেকটির কোনো মিটার নেই। ওই কারখানায় দৈনিক ৪০ টন বরফ উৎপাদিত হয়। হিসাব করে দেখা গেছে, ওই কারখানা গত ১৬ মাসে প্রায় দুই লাখ ইউনিট বিদ্যুৎ চুরি করেছে। অভিযানের সময় ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গতকাল কারখানার মালিককে ডিপিডিসির টাস্কফোর্স আটক করে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে। ডিপিডিসির মনিটরিং ইউনিটের সহায়তায় টাস্কফোর্স ওই অভিযান পরিচালনা করে।
ডিপিডিসি সূত্র জানায়, গত ১৫ দিনে এই টাস্কফোর্স এ নিয়ে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ২৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে মতিঝিলের একটি বাণিজ্যিক সংস্থার কাছ থেকেই আদায় করা হয়েছে ৮৩ লাখ টাকা। আর গত সপ্তাহে কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানার কাছ থেকে ২৯ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত নভেম্বর মাসে টাস্কফোর্স গঠনের পর থেকে প্রায় ৫৪ কোটি টাকা জরিমানা ও বকেয়া আদায় করা হয়েছে বলে কর্মকর্তারা জানান। টাস্কফোর্সের কার্যক্রম নিয়ে ডিপিডিসির কিছু কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রচণ্ড অসন্তোষ ও আতঙ্কও রয়েছে।