১৫ দিনে ১৩৮৩ শিশু হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও আশপাশের এলাকায় শিশুরা ব্যাপক হারে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ১৫ দিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৮৩টি শিশু। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে প্রায় ৯৩টি শিশু। এ সংখ্যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব শাখা সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে কয়েক মাস থেকে শুরু করে ১৪ বছর বয়সের ১ হাজার ৩৮৩টি শিশু রয়েছে। অন্য ৩০৬ রোগীর বয়স ১৫ বছর বা এর বেশি। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ১১২ রোগী। এর মধ্যে প্রায় ৯৩টি শিশু। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হয় ৪৫-৪৬টি শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত ভর্তি হয়েছে ৪৪টি শিশু। গত বছর একই সময়ে (১-১৫ নভেম্বর) প্রতিদিন গড়ে ৮১টি শিশু এখানে ভর্তি হয়েছিল।
ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে আসা এক বছরের শিশু তাবাসসুম আক্তারের মা রহিমা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাইয়াডা ঘন ঘন বমি ও পাতলা পায়খানা করতেছিল। এলিগা গত রোববার রাইত নয়ডায় এনো আনছি। সুজি, স্যালাইন ও বেবিজিংক খাইতে দিছে। এহন একটু বালা।’
আইসিডিডিআরবির মতলব শাখার জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, দূষিত পানি পান ও ময়লা খাবার গ্রহণই এই রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। কয়েক দিনের শীতে শিশুরা ব্যাপক হারে এই রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত ছয় মাস বয়সী শিশুদের পরিমাণমতো খাবার স্যালাইন ও মায়ের বুকের দুধ খেতে দেওয়া হচ্ছে। সাত মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের দেওয়া হচ্ছে খাবার স্যালাইন, বুকের দুধ ও প্রতিদিন একটি করে বেবিজিংক। সঙ্গে খেতে দেওয়া হচ্ছে সুজি, খিচুড়ি, ডাব, চিড়ার পানি, ভাতের মাড়সহ অন্যান্য খাবার। তিনি আরও বলেন, এই রোগ এড়াতে শিশুদের প্রতি মায়েদের যত্নবান থাকতে হবে। দূষিত পানি পান ও ময়লা খাবার বর্জন করতে হবে। শিশুদের ঘন ঘন পাতলা পায়খানা-বমি হলে এবং শরীর নিস্তেজ হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।