১৫ দিনে ১৬ স্থাপনা বিলীন, হুমকিতে শতাধিক বাড়ি

বরগুনার আমতলী উপজেলায় প্রমত্ত বুড়িশ্বর নদের (স্থানীয়ভাবে পায়রা নদী নামে পরিচিত) ভাঙনে গত ১৫ দিনে চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, কমিউনিটি ক্লিনিকসহ ১৬টি স্থাপনা বিলীন হয়ে গেছে। আরও শতাধিক বাড়ি ও স্থাপনা ভাঙনের মুখে রয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ১৫ দিন ধরে প্রবল বর্ষণ ও নদীতে অধিক উচ্চতার জোয়ারের তাণ্ডবে ভাঙনের তীব্রতা মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে পশ্চিম ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ভবন। এ ছাড়া পশ্চিম ঘটখালী গ্রামের নজরুল ইসলাম, কাঞ্চন আকন, জহিরুল আকন, মিলন হাওলাদার, আবদুর রব, রাসেল, লিটন হাওলাদারের ঘরসহ এলাকার ১৬টি বাড়ি নদীবক্ষে বিলীন হয়ে গেছে। শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার মুখে আছে।
নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম কর্তৃপক্ষ অন্যত্র সরিয়ে নিয়েছে। বর্তমানে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম চলছে পাশের আবাসন প্রকল্পের একটি ছোট ঘরে। পশ্চিম ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাকসুদা বেগম বলেন, ‘বিদ্যালয় ভবন নদীতে বিলীন হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম আবাসনের ঘরে চালাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। ছোট্ট একটা ঘরের মধ্যে গাদাগাদি করে পালা করে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। বাইরে বসে পাঠদান করব, বৃষ্টিতে তাও সম্ভব হচ্ছে না।’ একইভাবে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলছে চাওড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার মো. ইমরান হোসেন জানান, ক্লিনিক নদীতে ভেঙে যাওয়ায় তিন কিলোমিটার দূরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যক্রম চালাতে হচ্ছে।
গতকাল শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, কুয়েতের দাতা সংস্থার অর্থায়নে নির্মিত একটি মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় আছে। এলাকার আবদুল মন্নান জানান, ইতিমধ্যে আতঙ্কে মুসল্লিরা মসজিদে আসা বন্ধ করে দিয়েছেন। মসজিদটি বিলীন হলে এলাকার লোকজনকে দুই কিলোমিটার দূরে তালুকদারবাড়ি মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। একইভাবে পশ্চিম ঘটখালী গ্রামের আরও শতাধিক পরিবার ভাঙন-আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকার ক্ষতিগ্রস্ত লোকজনের অভিযোগ, নদীভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে অনেক দিন ধরে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আগেভাগে ব্যবস্থা নিলে এতগুলো স্থাপনা ক্ষতি হতো না এবং এতগুলো পরিবারও গৃহহীন হতো না।
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, পায়রা নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে যদি কিছু করা যায়, তার সম্ভাব্যতাও যাচাই করে দেখা হচ্ছে।