১৫ দিনে ২৫০টি তাঁত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরের বেনারসিপাড়ায় গত ১৫ দিনে প্রায় ২৫০টি বেনারসি তাঁত বন্ধ হয়ে গেছে। বাকিগুলোও বন্ধের উপক্রম। ভারতীয় শাড়ি-কাপড়ের প্রভাবের পাশাপাশি বর্ষণের কারণে একে একে বন্ধ হতে চলেছে এখনকার বেনারসি তাঁতের কারখানা।
তাঁতমালিক সূত্র জানায়, ফতেমোহাম্মদপুরে বেনারসিপাড়ায় ৩৫০টি তাঁত রয়েছে। এই শিল্পের সঙ্গে ৮০০ তাঁতিসহ প্রায় দুই হাজার শ্রমিক জড়িত। কিন্তু কয়েক দিনের বর্ষণের কারণে এসব কারখানায় তাঁতের ভূগর্ভস্থ গর্তে পানি উঠে সেগুলো ভরে যাচ্ছে। ফলে তাঁতিরা কাজ করতে পারছেন না। কারখানায় শাড়ি উৎপাদনও বন্ধ। বেচাকেনা শূন্যের কোঠায়।
তাঁতমালিক চাঁদ মোহাম্মদ বলেন, তাঁর দুটি কারখানায় তাঁতি ও কারচুপির শ্রমিক মিলে ৪৫ জন কর্মচারী রয়েছে। এসব কারখানায় তাঁতিদের পায়ের হাতুলির গর্তে বর্তমানে এক হাঁটু পানি। এ কারণে ১৫ দিন ধরে তাঁর কারখানা বন্ধ। কোনো বেচাকেনা হচ্ছে না। প্রতিদিন তাঁদের লোকসান দিয়ে কোনোমতে শ্রমিকদের রেখে দেওয়া হচ্ছে। তবে তাঁতিরা কারখানায় কাজ করতে পারছেন না।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ বেনারসি কারখানা ও এগুলোর আশপাশে পানি জমে আছে। কারখানাগুলোও বন্ধ রয়েছে। দু-একটি কারখানা খোলা থাকলেও সেখানে পানি সেচে বের করছেন শ্রমিকেরা। কারখানার ভেতরে প্রতিটি তাঁতের সঙ্গে একটি করে গর্ত। এসব গর্তের গভীরতা প্রায় চার ফুট। বেনারসি শাড়ি বোনার জন্য এই গর্তে তাঁতের পাদানি থাকে। তাঁতিরা এই পাদানি দিয়ে শাড়ি তৈরি ও নকশার কাজ করেন।
তিন-চারজন তাঁতি জানান, ফতেমোহাম্মদপুর নিচু এলাকা হওয়ায় সহজেই পানি উঠে তাঁতের গর্তগুলো ভরে যাচ্ছে। সেচে বের করে দেওয়ার পরপরই আবার পানি উঠছে।
সাত-আটজন তাঁতমালিক বলেন, ভারতীয় শাড়ি কাপড়ের অবাধ আমদানির কারণে বর্তমানে এখানকার বেনারসি শিল্পে দুরবস্থা বিরাজ করছে। এবার ঈদেও ভারতীয় শাড়ির কারণে তারা লোকসানের মধ্যে পড়েন। তবে সেই লোকসান কাটিয়ে ঈদের পর লাভের নতুন আশায় ব্যবসা করার স্বপ্ন দেখলেও কয়েক দিনের বৃষ্টির কারণে কারখানাগুলোতে পানি জমে গেছে। কারখানার ভেতরে ও কারখানার গর্তে পানি জমে থাকায় কারখানা চালু করতে পারছেন না। এ ছাড়া ঈদের সময় উৎপাদিত বেনারসি শাড়ি এখনো মজুত রয়েছে। কিন্তু কোনো বেচাকেনা নেই। বর্তমানে উৎপাদনও বন্ধ। এসব কারখানায় উৎপাদন বন্ধ থাকায় গত ১৫ দিনে এখানকার ২৫০টি বেনারসি তাঁত বন্ধ হয়ে গেছে।
তাঁতি আবদুল করিম বলেন, কারখানায় একটি বেনারসি শাড়ি তৈরি করতে তাঁদের পাঁচ থেকে সাত দিন সময় লাগে। এ জন্য ১ হাজার ২০০ টাকা মজুরি পান তাঁরা। কিন্তু দুই সপ্তাহ ধরে তাঁর মজুরি বন্ধ থাকায় তিনি পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে রয়েছেন।