১৫ দিনে ৩০ পরিবারের বসতভিটা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ঘাঘট নদের অব্যাহত ভাঙনে সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের দর্শনা গাইবান্ধাপাড়া এলাকা হুমকির মুখে পড়েছে। গত ১৫ দিনের ব্যবধানে এলাকার ৭০টির মধ্যে ৩০টি পরিবারের বসতভিটাসহ প্রায় ১০ একর আবাদি জমি নদে বিলীন হয়েছে।
এলাকাবাসী জানান, দর্শনা গাইবান্ধাপাড়া এলাকার পাশ দিয়ে প্রবাহিত ঘাঘট নদে এ বছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দেয়। পানি কমে যাওয়ার পর নদের পাড়ের মাটি নরম থাকায় এখন আবার ভাঙন তীব্র হয়েছে। এই এলাকায় ১৫ দিন ধরে ভাঙন অব্যাহত রয়েছে।
গাইবান্ধাপাড়ায় নদের ভাঙনে বসতভিটা বিলীন হওয়া কৃষক আমজাদ হোসেন বলেন, ‘১২ শতকের ওপর আমার বসতভিটা ছিল। দেখতে দেখতে সেটা নদীত (নদ) ভাঙি পড়ল।’
ফুল মিয়া বলেন, ‘ছয় শতকের ওপর বসতভিটা নদীত ভাঙি যাওয়ার পর হামার বসবাসের জন্য আর কোনো জায়গা থাকিল না। অন্য একজনের জায়গাত কোনো রকমে ঘর তুলিয়া আছি।’
আরেক কৃষক নজরুল ইসলামের প্রায় এক একর জমির মধ্যে প্রায় ২০ শতাংশ নদে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘ভাঙন থাকি রক্ষার জন্যে জরুরিভাবে ব্যবস্থা না নিলে হামার বাকি জমিও মনে হয় নদীত চলি যাইবে।’
এ বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান বলেন, এখানে ঘাঘট নদ এভাবে কখনো ভাঙেনি। এবারের ভাঙনে এলাকার ৩০টি পরিবারের বসতভিটাসহ ১০ একর আবাদি জমি বিলীন হয়েছে। নদ যেভাবে ভাঙছে, তাতে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রামই ভাঙনের মুখে পড়তে পারে।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ বলেন, সিটি করপোরেশনের প্রয়োজনীয় জনবল ও আর্থিক বরাদ্দ না থাকায় পানি উন্নয়ন বোর্ডকে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান বলেন, ওই এলাকার ভাঙন রোধে বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুষ্ক মৌসুমে কাজ শুরু করা হবে।