১৫ দিনে ৪৫টি মৌমাছির চাক
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের সহিলাটি জামে মসজিদে গত ১৫ দিনে ৪৫টি মৌমাছি চাক বেঁধেছে। গত বছর ওই মসজিদে ৩৫টি মৌমাছির চাক বেঁধেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, চার-পাঁচ বছর ধরে সরিষার মৌসুম এলেই মসজিদে মৌমাছি চাক বাঁধতে শুরু করে। গত বছর হঠাৎ করেই চাকের সংখ্যা বেড়ে ৩৫টিতে পৌঁছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, মসজিদের মিনারে, কার্নিশে ও মসজিদের জমির বিভিন্ন গাছ মিলিয়ে ৪৫টি চাক বেঁধেছে।
গ্রামের বাসিন্দা মো. শামছুজ্জামান বলেন, কয়েক বছর ধরে এ মসজিদে তিন-চারটি করে চাক বাঁধছিল মৌমাছিরা। এবার ১৫ দিনেই ৪৫টি ছোট-বড় চাক হয়েছে। মসজিদের মিনারেই ১০টি চাক রয়েছে। আশা করা যাচ্ছে, চাকের সংখ্যা আরও বাড়বে।
সহিলাটি জামে মসজিদের খতিব মাওলানা ছাদেকুর রহমান বলেন, ‘গত বছর মসজিদে বাঁধা মৌমাছির চাক কয়েক দফা ভেঙে প্রায় অর্ধলাখ টাকা মসজিদের আয় হয়েছে। আশা করছি, এবার মধু বিক্রির টাকার পরিমাণ আরও বাড়বে।’