১৫ দিনেও চট্টগ্রাম বেতারে নতুন সাইনবোর্ড বসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোগো সংশোধনের জন্য পুরোনো সাইনবোর্ডটি সরিয়ে নেওয়ার ১৫ দিন পরও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে নতুন সাইনবোর্ড বসানো হয়নি। খালি পড়ে আছে সাইনবোর্ডের জায়গাটি। গত ২৮ মার্চ প্রথম আলোতে বেতারের সাইনবোর্ডে ভুল লোগোর বিষয়ে সংবাদ ছাপা হওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়। ওই সময়ে বেতারের আঞ্চলিক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম লোগো সংশোধন করে দেওয়ার আশ্বাস দেন। নগরের আগ্রাবাদ বেতার ভবনের মূল ফটকের বাঁ পাশে ওই সাইনবোর্ডে লোগোর জায়গায় শুধু বাংলাদেশের মানচিত্রের প্রতিকৃতি ছিল। বেতার সূত্রমতে, বেতারের মূল লোগোটিতে গাঢ় লাল বৃত্তের মধ্যে থাকে মানচিত্রের প্রতিকৃতি। এর চারপাশে থাকে চারটি বেতারতরঙ্গ-নির্দেশক চিহ্ন। আর নিচের অংশে লেখা থাকে ‘বাংলাদেশ বেতার’ কথাটি। সাইনবোর্ডে লেখা ও এটি স্থাপনের দায়িত্ব বেতারের প্রকৌশল বিভাগের। গতকাল বুধবার বিকেলে বেতার ভবনের সামনে গিয়ে দেখা যায়, সাইনবোর্ডের জায়গাটি খালি পড়ে আছে। এ ব্যাপারে আশপাশের লোকজন ও বেতারের বিভিন্ন কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সাইনবোর্ডটি তুলে নেওয়ার পর সেখানে আর নতুন কোনো সাইনবোর্ড বসানো হয়নি।