১৫ দিনেও চুক্তিবদ্ধ হননি চালকলের মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়নি। এর ফলে এই জেলায় সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, ১ মে থেকে নওগাঁয় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু এবং ২০ মে পর্যন্ত চালকল মালিকদের সঙ্গে চুক্তিপত্র করার কথা৷ কিন্তু গত ১৫ দিনেও জেলার একজন চালকল মালিকও সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করেননি। এদিকে সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে হাট-বাজারে ধানের দাম অনেক বেশি হওয়ায় কৃষকেরা সরকারি গুদামে ধান বিক্রি করছেন না।
নওগাঁ খাদ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বোরো মৌসুমে জেলার ১১ উপজেলার ১৮টি খাদ্যগুদামের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২০ টাকা কেজি দরে পাঁচ হাজার ৯৯০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে৷ এ ছাড়া চালকল মালিকদের কাছ থেকে ৩১ টাকা কেজি দরে ৬২ হাজার ৩৭৫ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৫ মে পর্যন্ত নওগাঁর রানীনগর খাদ্যগুদামে এক টন এবং মান্দা খাদ্যগুদামে দুই টন ধান সরবরাহ করেছেন দুজন কৃষক। আর চালকল মালিকদের সঙ্গে চুক্তি না হওয়ায় গত ১৫ দিনে এক ছটাক চালও সংগ্রহ করতে পারেনি নওগাঁ খাদ্য বিভাগ।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, নওগাঁর স্থানীয় অবস্থা বিবেচনা করে নওগাঁ খাদ্য বিভাগ ২০ মে পর্যন্ত চালকল মালিকদের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করার সময় নির্ধারণ করেছেন। তিনি আশা করছেন, ২০ মের মধ্যে এক হাজার তিনজন চালকল মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তিপত্র সম্পাদন এবং ৩০ আগস্টের মধ্যে চাল সরবরাহ করবেন। সামনে এখনো তিন মাস সময় আছে৷ তাই ধান-চাল সংগ্রহ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
কিন্তু চালকল মালিকেরা বলছেন ভিন্ন কথা। মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের ন্যাশনাল রাইস মিলের মালিক আসগর আলী, চকগৌরীহাট এলাকার ডি এম রাইস মিলের মালিক দুলাল সাহাসহ কয়েকজন বলেন, বোরো মৌসুমের নতুন চালের বাজারমূল্য এখন অনেক বেিশ। যে চাল সরকারি খাদ্যগুদামে সরবরাহ করলে কেজিপ্রতি পাওয়া যাবে ৩১ টাকা, সেই চাল বাজারে এখনই বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা। তাই এ মুহূর্তে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সরকারকে চাল সরবরাহ করতে গেলে প্রতি টন চালে ব্যবসায়ীরা চার-পাঁচ হাজার টাকা লোকসানের মুখে পড়বেন। আর এ কারণে নওগাঁর অধিকাংশ চালকল মালিক এই মৌসুমে সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তিপত্র করতে রািজ নন।
জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী চালকল মালিকেরা চাল সরবরাহের চুক্তি সম্পাদন করলে চুক্তির দিন থেকে ১৫ দিনের মধ্যে সব চাল সরবরাহ করতে হবে। সময়ের মধ্যে চাল সরবরাহ করতে না পারলে ওই মিলের লাইসেন্স বাতিল করা হবে। সরকারি এ নিয়মের কারণে চালকল মালিকরা বিপাকে পড়েছেন।
জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুর রহমান বাবু জানান, চলতি বোরো মৌসুমের চাল সরবরাহ এবং সরকারের সঙ্গে চালকল মালিকদের চুক্তি সম্পাদন নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দু-এক দিনের মধ্যে জেলা প্রশাসক ও জেলা খাদ্যনিয়ন্ত্রকের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে সংগ্রহ নীতিমালা পরিবর্তন ও পরিবর্ধন করে চালকল মালিকদের দাবি মেনে নিলে চালকল মালিকেরা সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন করবেন। অন্যথায় নওগাঁর চালকল মালিকেরা সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পাদন করবেন না।