১৫ দিনের অভিযোগপত্র ১৬ মাস পর দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদশার বিরুদ্ধে আইন ও আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১১টি মামলায় সঠিক সময়ে অভিযোগপত্র দাখিল করেননি। এ কারণে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এই মর্মে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়ে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। কিন্তু নির্দেশের পর দুই মাস পারও হলেও তিনি তা মানেননি।
আদালত ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপপরিদর্শক জাহাঙ্গীর বাদশা সদর উপজেলার মাধবদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) থাকাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১১টি মামলার তদন্তকারী কর্মকর্তা হন। যার সবগুলোই ছিল মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরা পড়ার ঘটনায় মামলা। আইন অনুযায়ী সেসব মামলার অভিযোগপত্র ১৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি।
এর মধ্যে ৮২ (৮) ১৩ নম্বর মামলার অভিযোগপত্র অনুযায়ী ২০১৩ সালের ২৭ আগস্ট আসামি মো. শফিকুল ইসলামকে হাতেনাতে ধরা হলেও তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা ২০১৪ সালের ২১ ডিসেম্বর অভিযোগপত্র প্রস্তুত করেন এবং চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে দাখিল করেন; অর্থাৎ ১৬ মাস পর অভিযোগপত্র দাখিল করা হয়। এটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২(ক) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় আইনের বিধান লঙ্ঘনের দায়ে কেন তাঁর (তদন্তকারী কর্মকর্তা) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন নরসিংদীর জজ আদালতের মুখ্য বিচারিক হাকিম শেখ গোলাম মাহবুব। কিন্তু ব্যাখ্যা চাওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এসআই জাহাঙ্গীর আদালতে কোনো লিখিত দেননি।
আদালত পুলিশের সদর উপজেলার এসআই আহমেদ আলী বলেন, এসআই জাহাঙ্গীর বাদশা গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করেননি। তাঁর বিরুদ্ধে মোট ১১ মামলায় এ রকম নির্দেশ জারি করা হয়েছে।
এসআই জাহাঙ্গীর বাদশা বর্তমানে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা বিশেষ শাখায় (ডিএসবি) উপপরিদর্শকের দায়িত্ব পালন করছেন।
অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর বাদশা বলেন, ‘সময়মতো অভিযোগপত্র দেওয়ার বিষয়টি আমার অজান্তে হয়েছে। ইচ্ছা করে এ রকম করিনি।’
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ খালেদ বলেন, এ ব্যাপারে জাহাঙ্গীর বাদশার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি এবং অন্যান্য আরও ১২টি মামলার অভিযোগপত্রে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।