বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা সদর উপজেলার ইলিশা মেঘনা তীরে ভাঙন প্রতিরোধ করে স্থায়ী ফেরিঘাট নির্মাণ করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে আবার চালু হবে ভোলা-লক্ষ্মীপুর নৌপথ। গতকাল শুক্রবার বিকেলে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, প্রায় আট মাস পর ভোলার ইলিশা ফেরিঘাট নির্মাণ করা হচ্ছে। ২০১৫ সালের মার্চ মাসে ভাঙনের কারণে ভোলার ইলিশা ফেরিঘাট ভেঙে যায়। নয় মাস পর ওই বছরের নভেম্বরে অস্থায়ী ফেরিঘাট নির্মাণ করা হয়। সেটি চলতি বছরের ১০ এপ্রিল আবার ভেঙে গেলে ওই পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় ৭৪ কিলোমিটার ঘুরে তিনটি নদী পার হয়ে ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরি চলতে থাকে। এতে ফেরিগুলোর লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটে পৌঁছাতে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে। অথচ ইলিশা ফেরিঘাট নির্মাণ করা হলে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে ইলিশায় ফেরিঘাট নির্মাণ করা হবে। আগামীকাল (আজ শনিবার) থেকে ঘাট নির্মাণকাজ শুরু হবে।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ফেরিঘাটটি আর যেন ভাঙনের কবলে না পড়ে তার জন্য সিসি ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করার কাজ শুরু হচ্ছে। চলতি বছরে ২৮০ কোটি টাকার কাজ হবে।
দুই মন্ত্রী বেলা ৩টা ২০ মিনিটে এসে স্পিডবোটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত জনসভা শেষে বিকেল চারটায় ভোলা ত্যাগ করেন।