ঢাকেশ্বরী মন্দিরসহ যেসব মন্দিরে চুরি, লুটপাট ও হামলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। গতকাল শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত পরিষদের এক সভায় এই দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।মন্দিরে চুরি, লুটপাটের ঘটনা তদন্তের আগে ঢালাওভাবে পুলিশ প্রশাসন এবং কিছু প্রচারমাধ্যমে মন্দিরের পুরোহিত এবং কমিটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের নিন্দা জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে মঠ, মন্দির আশ্রমে চুরি বা আশ্রমে হামলা হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশ ও স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হবে।সভা থেকে ৭ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, ৮ ফেব্রুয়ারি সরস্বতী পূজার মাত্র এক দিন আগে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল এই পূজার আবহকে বিঘ্নিত করবে। পরিষদের নেতারা ধর্মীয় সংখ্যালঘুদের পূজা-পার্বণ নির্বিঘ্নে পালন করার জন্য বিরোধী দল ছাড়াও সরকার ও সবার সহযোগিতা কামনা করেন। সভায় দেশের সাত বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সব জেলা কমিটি ও আহ্বায়ক কমিটিকে দুই মাসের মধ্যে সম্মেলন করার আহ্বান জানিয়ে বলা হয়, নইলে কমিটিগুলো বিলুপ্ত করা হবে। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা ও জাতীয় পরিষদ সদস্য এবং সব জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।