সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের শতভাগ নির্মাণকাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করার অঙ্গীকার করা হয়েছে। গতকাল সোমবার বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির মূল্যায়ন সভায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি-সম্পাদকেরা এ অঙ্গীকার করেন। বেড়িবাঁধ তদারক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, পাউবোর উপ-প্রকৌশলী মুসলেম উদ্দিন, মাঠ কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমুখ।কৃষকেরা জানান, ২০১০ সালে অকালবন্যায় জেলার সব কটি হাওরের বেড়িবাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যায়। এরপর ঠিকাদারি প্রথায় বাঁধ নির্মাণ কার্যক্রম বাতিল করে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় পিআইসি প্রথায় বাঁধের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছর ধরে বেড়িবাঁধের কাজ চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বেড়িবাঁধের কাজ শেষ হওয়ার কথা।পাউবো জানায়, নলুয়ার হাওরে ৭৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য এবার ২১টি পিআইসি গঠন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেছে এক কোটি ৫০ লাখ টাকা। উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বলেন, নলুয়ার হাওরের ৬০ ভাগ কাজ এখনো বাকি। দুই দিন পর বেড়িবাঁধ নির্মাণের সরকারি সময়সীমা শেষ হয়ে যাবে। বৃষ্টি হলেই কাজে সমস্যা সৃষ্টি হবে। তাই দ্রুত বাঁধ নির্মাণকাজ শেষ করতে হবে।চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, ‘অধিকাংশ পিআইসির সভাপতি ইউপি সদস্যরা। সময়মতো অর্থের বরাদ্দ না পাওয়ায় তাঁরা কাজ শেষ করতে পারেননি। আমি তাঁদের কাজ তদারকি করছি। আশা করছি বরাদ্দ ঠিকমতো এলে ১৫ দিনের মধ্যে শতভাগ কাজ শেষ করতে পারব।’